Published : 22 Nov 2025, 11:05 PM
প্রাথমিক বিদ্যালয়ে গান ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা। এই সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন শনিবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশের শুরুতেই সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা এক উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে। উদীচী কেন্দ্রীয় সংসদের (একাংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।
জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শিশুদের জীবনে গান ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, একটি বিশেষ গোষ্ঠীর চাপ সৃষ্টি করে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই গোষ্ঠী গান ও শরীরচর্চার শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে, যা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, দেশের প্রতিটি বিদ্যালয়ে আগে থেকেই ধর্মীয় শিক্ষক রয়েছেন।
বক্তারা আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের মানবিক গুণাবলী বিকাশের জন্য প্রাথমিক স্তর থেকেই গান ও শরীরচর্চা শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মাহির শাহরিয়ার রেজা, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সংগঠক মহাদেব ঘোষ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি মকবুল হোসেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি আজিজুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ এবং বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আকতার হুসেন অংশ নেন। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!