Published : 21 Dec 2025, 03:05 AM
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে রাতের অন্ধকারে চালানো অগ্নিসংযোগকে একটি কাপুরুষোচিত হামলা হিসেবে বর্ণনা করেছেন সংগঠনটির নেতৃত্ব। তাঁদের মতে, উগ্র ডানপন্থী মহলের ক্রমাগত বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ছাত্রশিবিরের হুমকির প্রেক্ষাপটে এই জঘন্য ঘটনা ঘটেছে। উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী কার্যকলাপ, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আয়োজিত এক সাংস্কৃতিক সমাবেশে উদীচীর নেতারা এই কথা বলেন। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সত্যেন সেন চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ এই সমাবেশের আয়োজন করে। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর প্রমুখ।
নেতারা বলেন, এই হামলা নব্য ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। উদীচীর কার্যালয় সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে জানালার কাঁচ ভেঙে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তিনটি ব্যাটারিচালিত রিকশায় দ্রুত পালিয়ে যায়। নেতারা আরও বলেন, হামলার পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি, যা সরকারের উদ্দেশ্যপূর্ণ উদাসীনতাকেই ইঙ্গিত করে। এমন হামলা নৈরাজ্য ও প্রাণহানির জন্য প্রকারান্তরে উৎসাহ দেওয়া হচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, উদীচী সবসময় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে, এবং যারা এই আদর্শে ভীত, তারাই বারবার হামলা চালায়। তারা শুধু উদীচীর শত্রু নয়, বরং দেশের শত্রু। তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি জানান।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!