Published : 22 Dec 2025, 05:06 PM
দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই ধরনের একটি সুপরিকল্পিত চক্রান্ত করা হয়েছে। পত্রিকার সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে আয়োজিত এক সংহতি সভায় জামায়াতের এই নেতা উদ্বেগ প্রকাশ করেন। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সভায় সংহতি জানান। সভা শেষে তাঁরা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন করেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমাদের অস্তিত্বের সাথে জড়িত।
এই স্তম্ভের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটাই শেষ হওয়া উচিত।” তিনি বিগত সরকারের সময় গণমাধ্যমের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কী করেছে, তা খতিয়ে দেখা উচিত।” তিনি আরও উল্লেখ করেন, “বিগত স্বৈরাচারী শাসনের ছায়া এখনো সক্রিয় রয়েছে।” জামায়াতের এই নেতা বলেন, “এই হামলার সাথে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা উচিত। শুধু আলোচনা করলেই চলবে না, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর পেছনের কারণ উদঘাটন করা জরুরি।
” গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালানো হয়। হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ডেইলি স্টার কার্যালয়ে সংহতি জানাতে গেলে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা করা হয়। এই ঘটনাকে গণমাধ্যমের জন্য ‘কালো দিন’ আখ্যায়িত করে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর একটি গুরুতর আঘাত।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!