Published : 04 Jan 2026, 10:05 AM
যুক্তরাষ্ট্রের হাতে বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে একটি হেলিকপ্টার নিউইয়র্কে অবতরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাদুরোকে এবার ‘আমেরিকান আইনের সম্মুখীন’ হতে হবে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে মাদুরোকে বহনকারী হেলিকপ্টারটি নিউইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছায়। এরপর তাঁকে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিইএ সদর দপ্তর থেকে একটি গাড়িবহর মাদুরোকে নিয়ে ম্যানহাটনের ওয়েস্টসাইড হাইওয়ে দিয়ে উত্তরে যায়, এবং পরবর্তীতে আবার হেলিপোর্টে ফিরে আসে।
সবশেষে, হেলিকপ্টারে করে মাদুরো ও তাঁর স্ত্রীকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের দিকে নিয়ে যাওয়া হয়। এই সময় তিনটি হেলিকপ্টার হাডসন নদী দিয়ে উড়ে নিউ ইয়র্ক হারবারের স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে যায়। এরপর হেলিকপ্টারগুলো অবতরণ করার পর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহরে করে তাঁদের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক এবং গ্যাং সদস্যদের পাঠিয়ে দিচ্ছে। ভেনেজুয়েলার উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের পর এই অভিযান চালানো হলো।
এর আগে, মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কে আনা হয়েছে, যেখানে তাঁরা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন। “ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরাই দেশটি নিয়ন্ত্রণ করব,” মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও জানান, বর্তমানে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে, এবং ভেনেজুয়েলা পরিচালনার জন্য লোকজনকে মনোনীত করা হচ্ছে। “প্রয়োজনে আমরা আরও বড় পরিসরে দ্বিতীয় দফা অভিযানের জন্য প্রস্তুত,” যোগ করেন তিনি।।
সড়ক বাতি প্রযুক্তিতে ফ্রান্স সফর প্রস্তাব: রাজশাহী সিটি প্রশাসকের আবেদন খারিজ করলেন প্রধানমন্ত্রী