Published : 01 Feb 2026, 03:06 AM
গত শুক্রবার সম্পন্ন হলো দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে। সান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহায়তায় সাভারের আশুলিয়ায় অবস্থিত এইজিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর গাজীপুরের সোহাগ নূরী চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা প্রথম রানারআপ এবং নওগাঁর এনামুল হক দ্বিতীয় রানারআপ হন। চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন। চ্যাম্পিয়ন সোহাগ নূরী পাঁচ লাখ টাকার চেক জিতে নেন। প্রথম ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন তিন লাখ ও দুই লাখ টাকা। এছাড়া, বাকি দুই ফাইনালিস্টকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
বিচারক বাউল শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ সাঈদ বলেন, ‘বাংলাদেশের লোকসংগীতের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং এর গভীরতা অসীম। শতাব্দীর পুরোনো গানগুলো আজও সমান প্রাসঙ্গিক। এই ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংরক্ষণে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’ অনুষ্ঠানের শুরুতে থিম সং পরিবেশিত হয়। এরপর সেরা পাঁচ প্রতিযোগী তাদের মনোমুগ্ধকর লোকসংগীত পরিবেশন করেন। লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ পরিবেশনা ছিল, যা দর্শকদের আবেগ ছুঁয়ে যায়।
বিচারক শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়ার সম্মিলিত পরিবেশনা ‘তিন পাগলের মেলা’ দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে। আরও পড়ুন: ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ী আজ ঘোষণা ৩০ জানুয়ারি ২০২৬। ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম লিমিটেড। ২০১৩ সালে যাত্রা শুরু হওয়া এই অনুষ্ঠান বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরের এই ধারাকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।।