Published : 02 Feb 2026, 01:06 PM
হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা যেন গোল করার মেশিনে পরিণত হয়েছে! অন্য দলগুলোর কোচদের যেখানে গোল বের করার জন্য কৌশল পরিবর্তন করতে হয়, খেলোয়াড় বদলাতে হয়, সেখানে ফ্লিক নির্ভার। তিনি যাঁকেই খেলান, গোল যেন করাই তাঁর কাজ। বার্সেলোনার ড্রেসিংরুমে গোল করার জন্য খেলোয়াড়ের অভাব নেই। ঘটনাটা একটু বিস্তারিত বলা যাক। এলচের মাঠে শনিবার রাতে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। এই ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন লামিনে ইয়ামাল, ফেরমিন লোপেজ ও মার্কাস রাশফোর্ড। বিশেষভাবে উল্লেখ্য, লোপেজ ও রাশফোর্ডের এই গোলগুলো বার্সেলোনাকে চলতি মৌসুমে ইউরোপের অন্য দলগুলোর থেকে আলাদা করেছে।
কারণ, তাঁরা দুজনেই এই ম্যাচে নিজেদের দশম গোলটি করলেন। এর ফলে বার্সেলোনার ১০ বা তার বেশি গোল করা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। এর আগে ফেরান তোরেস, রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি এই তালিকায় নাম লিখিয়েছিলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ৯৬টি দলের মধ্যে বার্সেলোনা একমাত্র দল, যাদের অন্তত ছয়জন খেলোয়াড় দশ বা তার বেশি গোল করেছেন। বার্সার এই ‘দলগত’ গোল উৎসবের ধারেকাছেও নেই অন্য কোনো ক্লাব। বায়ার্ন মিউনিখের তিনজন খেলোয়াড়ের অন্তত ১০টি করে গোল আছে। জার্মান ক্লাবটির গোলমেশিন হ্যারি কেইন একাই করেছেন ৩৬ গোল। বাকি দুই গোলদাতা লুইস দিয়াজ (১৫) ও মাইকেল ওলিসের (১৩) গোলসংখ্যা যোগ করলেও কেইনের সমান হয় না।
বার্সেলোনা এক্ষেত্রে সত্যিই ব্যতিক্রম। এখন পর্যন্ত কোনো খেলোয়াড় ২০ গোল করতে পারেননি। দলের সর্বোচ্চ গোলদাতা ফেরান তোরেস করেছেন ১৬ গোল। রাফিনিয়া ও ইয়ামাল করেছেন ১৩টি করে গোল। অভিজ্ঞ স্ট্রাইকার লেভানডফস্কির গোলসংখ্যা ১২। বার্সার খেলোয়াড়েরা যেন গোল করার দায়িত্বটা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। ।