Published : 04 Feb 2026, 09:05 PM
বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের প্রেক্ষিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্তে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। জাহানারা আলম গত ৭ নভেম্বর একটি ইউটিউব সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসহ একাধিক বিষয় তুলে ধরেন। এরপর বিসিবি ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিতে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাঈমা হক, ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক ও নারী ক্রিকেটের প্রধান রুবাবা দৌলা।
২ ফেব্রুয়ারি কমিটি তাদের প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেয়। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটির স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ খুঁজে পায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, মঞ্জুরুলের সাথে বিসিবির চুক্তি গত বছরের ৩০ জুন শেষ হয়ে গিয়েছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদারিত্বের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না এবং তা সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী অসদাচরণ ও হয়রানির শামিল।
বিসিবি জানিয়েছে, তারা আইনজীবীদের মাধ্যমে এই বিষয়ে হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সাথে, বোর্ড তাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। এছাড়াও, হাইকোর্টের ২০০৯ সালের রায় অনুযায়ী, বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটি গঠন করা হয়েছে।।
ডিপিডিসি প্রকল্পের বাইরে কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাস: সুইমিং পুল ও জিমসহ টুইন টাওয়ার নির্মাণ