Published : 07 Feb 2026, 05:07 AM
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী। জলবায়ু পরিবর্তনের ভয়ংকর রূপ ও পরিবেশ দূষণের কঠিন বাস্তবতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) যৌথ উদ্যোগে এই প্রদর্শনীতে নির্বাচিত আলোকচিত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ‘ইকোজ অব দ্য আর্থ: ফটোগ্রাফি ফর দ্য প্ল্যানেট’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধরার সদস্য শাহরিয়ার শাওন এক বিজ্ঞপ্তিতে জানান, বিশ্বজুড়ে পরিবেশের দ্রুত অবনতি ঘটছে, আর বাংলাদেশের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। পরিবেশ সুরক্ষায় সরকার এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বড় ধরনের সামাজিক আন্দোলন প্রয়োজন।
প্রদর্শিত ছবিগুলো পরিবেশের সংকটকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। ধরা’র সদস্যসচিব শরীফ জামিল বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে আলোকচিত্র একটি শক্তিশালী মাধ্যম। একজন পরিবেশবিদ হয়তো দীর্ঘ সময় ধরে কথা বলে যতটা বোঝাতে পারেন, একটি হৃদয়স্পর্শী ছবি তার চেয়েও বেশি প্রভাব ফেলতে সক্ষম। ঢাকার পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ যে, এটি বোঝার জন্য আলাদা করে গবেষণার প্রয়োজন হয় না। এখানকার নদীগুলোর করুন দশা দেখলে যে কেউ আঁতকে উঠবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ধরা’র উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম এবং বিপিজেএ’র সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। এবারের প্রতিযোগিতায় ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’ এই দুটি বিষয়ে আলোকচিত্র জমা দেওয়া হয়েছিল।
সারা দেশ থেকে প্রায় ১ হাজার ৫০০টি ছবি জমা পড়ে, যার মধ্যে বিচারকদের সিদ্ধান্তে ৩৫টি সেরা ছবি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। দুটি বিভাগে মোট ছয়জন আলোকচিত্রী পুরস্কৃত হন। জ্বালানি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম), দ্বিতীয় হয়েছেন হাবিবুর রহমান (ডেইলি স্টার) এবং তৃতীয় হয়েছেন মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড)। পরিবেশ বিভাগে প্রথম হয়েছেন মামুনুর রশীদ (দৈনিক সমকাল), দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় হয়েছেন শেখ নাসির (ডেইলি স্টার)। দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য এটি উন্মুক্ত থাকবে।।