Published : 11 Feb 2026, 11:07 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ বুধবার রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। এর আগে, নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিএনপির প্রতিনিধিদল সিইসির সাথে আলোচনা করে। বৈঠকে বিএনপি দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে অর্থ ও উপহার বিতরণের অভিযোগের স্বপক্ষে প্রমাণ উপস্থাপন করে, এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। আলোচনার পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার মতো কোনো ষড়যন্ত্র চলছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল নয়। তারা দীর্ঘদিন ধরে দেশ শাসন করেছে এবং তাদের অনেক সুবিধাভোগী রয়েছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে।
এছাড়াও, যারা নির্বাচনে জয় নিয়ে চিন্তিত অথবা পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারাও নানা অপচেষ্টা চালাতে পারে।’ নজরুল ইসলাম খান আরও বলেন, ‘কিছু অসাধু ব্যক্তিও রয়েছে, যারা সুযোগ পেলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তবে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে আগ্রহী। আমরা বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’ ঠাকুরগাঁওতে জামায়াতে ইসলামীর এক নেতা টাকাসহ আটকের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘সৈয়দপুরের ঘটনার সূত্র ধরে একজন বিশেষ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেছেন, কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো বাধা নেই। কিন্তু যদি কোনো বাধা না থাকে, তাহলে অনুমতির প্রয়োজন কেন? তার প্রথম এবং দ্বিতীয় বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। অথচ এই বিষয়ে কেউ তার কাছে প্রশ্ন করেননি। তাই তার এই ধরনের মন্তব্য করার উদ্দেশ্য কী?’ জামায়াতের জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য বিএনপি এই ঘটনার নাটক সাজিয়েছে—এমন অভিযোগের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘টাকাসহ জামায়াত নেতাকে পুলিশ আটক করেছে, বিএনপি নয়।
যদি এটি নাটক হয়ে থাকে, তবে এর অভিনেতা তারাই।’ ঢাকা-১৫ আসনে জামায়াতের ১২টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘যদি কেউ এই কাজ করে থাকে, তবে এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা এর উপযুক্ত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই কাজ আমরা করিনি। অন্য কেউ ষড়যন্ত্র করছে।’ নির্বাচন বানচালের চেষ্টা হলে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে—এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, ‘যে-ই নির্বাচনকে প্রতিরোধের চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনগণই তাদের প্রতিহত করবে। এমনকি আমরাও যদি এমন কিছু করি, জনগণ আমাদেরও প্রতিহত করবে।’ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি কতটা সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের মনে হয়, নির্বাচন কমিশন আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারত।’।
ডিপিডিসি প্রকল্পের বাইরে কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাস: সুইমিং পুল ও জিমসহ টুইন টাওয়ার নির্মাণ