Published : 13 Feb 2026, 01:05 PM
গতকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন এক আনন্দ-উদ্দীপনার ঈদ উৎসবে পরিণত হয়েছিল, যেখানে স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি দৃঢ়ভাবে বলেছেন, “আজ আমরা জাতি হিসেবে এক বিশাল জয় অর্জন করেছি।” রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রাথমিক ফলাফল ঘোষণার পর এক আবেগঘন বক্তব্যে তিনি এই কথা বলেন। মো. সানাউল্লাহ বলেন, “আজ ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই শুভ সকাল আমাদের গণতান্ত্রিক যাত্রাপথে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কমিশনারের পক্ষ থেকে যারা এই নির্বাচনকে সফল করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য ছিল আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন উপহার দেওয়া, এবং আমরা আমাদের চেষ্টাটুকু ঢেলে দিয়েছি। এই নির্বাচন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, সম্মান, ভাবমূর্তি এবং বিশ্ব বাজারে দেশের সক্ষমতা বৃদ্ধি করবে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা এটিকে একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছি।
” নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যেমন বন্যার স্রোতে দুর্বল খড়কুটো ভেসে যায়, তেমনি সব নেতিবাচকতা ও শঙ্কা দূর হয়ে গেছে। আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। আমার বিশ্বাস, বাংলাদেশের গণতন্ত্র তার নিজস্ব পথে অবিচল থাকবে এবং এই নির্বাচন ভবিষ্যতে আরও সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ দেখাবে।”।
কাপ্তাইয়ের জেলেদের জন্য সুখবর, কৃষি কার্ডে সহায়তা পাবেন প্রায় ২৭ হাজার পরিবার