Published : 15 Feb 2026, 09:08 PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনে ৩২টি আসনের বিষয়ে অভিযোগ জানিয়েছি। জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, ভোট কারচুপি ও অন্যান্য কৌশল ব্যবহারের মাধ্যমে আমাদের জোটকে পরাজিত করা হয়েছে। নির্বাচনের রাতেই গেজেট প্রকাশের মাধ্যমে সেই ধারণা আরও বদ্ধমূল হয়েছে। তাই এই ফলাফলে হতাশ হওয়ার কিছু নেই।’ রবিবার সকাল আটটার দিকে খুলনার ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, আর এই নির্বাচন ছিল সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের দল হয়তো বেশি আসন পায়নি, তবে ভোটের হিসাবে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। জনগণ পরিবর্তন চায়, এটা সত্য, কিন্তু আমাদের দেশে নির্বাচন প্রক্রিয়ায় নানা ধরনের কৌশল বহু আগে থেকেই প্রচলিত।’ উপজেলা জামায়াতের আমির আ. আলিম মোল্যার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সাইফুল হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, গোলাম কুদ্দুস ও গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার শোলগাতিয়া মাদরাসায় এবং বেলা ১১টায় উপজেলার আঠারোমাইলে অনুষ্ঠিত পৃথক নির্বাচনোত্তর কর্মী সমাবেশেও যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এসব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুখতার হোসাইন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের দেশে নির্বাচনের পর পরাজিত প্রার্থীদের ওপর জুলুম-নির্যাতন করা একটি দুঃখজনক প্রথা। ভেবেছিলাম অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই সংস্কৃতি থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আমরা দেখছি, সারা দেশে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি দেখবেন এবং এর একটা সমাধান করবেন, এমনটা আশা করি। তবে বিএনপির কর্মীরা এখনো থামেনি। গতকাল রাতেও মশিয়ালীতে আমাদের এক কর্মীর বাড়িতে আগুন দিয়েছে, ডুমুরিয়ায়ও কিছু ঘটনার খবর আমরা পাচ্ছি। আমরা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।
’ ভোট পুনঃগণনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ‘যেকোনো কাজের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আমাদের নির্বাচনী প্রধান এজেন্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ডিসি মহোদয় যদি ভোট গণনা করে দেন, তাহলে সবার জন্য ভালো হয়। তবে আইনের কিছু বিষয় রয়েছে। যেহেতু তাড়াহুড়ো করে গেজেট প্রকাশ করা হয়েছে, তাই এখন আদালতে মামলা দায়ের করে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে গণনা করা হবে। এতে কিছুটা সময় লাগতে পারে। তাই আপনারা বিচলিত হবেন না, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবেন।’।