Published : 17 Feb 2026, 11:06 AM
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কনটেইনারবাহী লরি দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটের দিকে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কের ঢাকামুখী পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং প্রায় ছয় কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী বাস ও কনটেইনার লরিটি একই গতিতে চলছিল। এক পর্যায়ে বাসটি লরিটিকে ধাক্কা দেয়, ফলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর থেকে ওই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল সাতটার দিকে কিছু গাড়ি চট্টগ্রামমুখী লেনে চলাচল শুরু করলেও, উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, উল্টে যাওয়া লরিটি মহাসড়কের উপর পড়ে আছে, যার কারণে এক পাশ দিয়ে অত্যন্ত ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
যানজট বড়তাকিয়া বাজার, হাদিফকিরহাট ও নিজামপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ট্রাকচালক মাইনুদ্দিন খান জানান, ‘রাত তিনটার দিকে আমার সামনে একটি বাস ও লরি খুব দ্রুতগতিতে চলছিল। বাসটি লরিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে আঘাত করে। বিকট শব্দে কনটেইনারসহ লরিটি উল্টে যায় এবং সাথে সাথেই যানজট শুরু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে।’ মহাসড়কে এই দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকামুখী বাসের যাত্রী নুরুল আমিন জানান, ‘চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলাম। সীতাকুণ্ডের কাছাকাছি আসার পর গাড়ির গতি কমে যায়।
সীতাকুণ্ড থেকে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার পর্যন্ত পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। শুনেছি, সামনে কনটেইনারবাহী লরি উল্টে আছে। যানজট কবে শেষ হবে, তা জানি না।’ জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, ‘আমরা দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছি। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী