Published : 18 Feb 2026, 05:06 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো শহীদ ড. শামসুজ্জোহার দিবস। ১৮ ফেব্রুয়ারি, এই দিনে রাবি প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা নানা কর্মসূচির মাধ্যমে এই মহান শিক্ষকের প্রতি সম্মান জানায়। বন্ধুসভার সদস্যরা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন, এক মিনিট নীরবতা পালন করেন এবং এক আলোচনা সভার আয়োজন করেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা নিজের প্রাণ উৎসর্গ করেন। তাঁর এই আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বাংলাদেশের প্রথম শহীদ শিক্ষক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক বাঁধন রায় অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপদেষ্টা তুহিনুজ্জামান বলেন, ‘সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস—যা প্রতিটি নাগরিকের জানা উচিত।’ উপদেষ্টা রিয়াদ খান বলেন, ‘একজন শিক্ষকের এই নিঃস্বার্থ আত্মত্যাগ শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়।’পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন শহীদ শিক্ষকের আদর্শ অনুসরণ করে একটি মানবিক সমাজ গঠনের ওপর জোর দেন।সভাপতি সুইটি রাণী জানান, রাবি প্রশাসন ড. জোহার শাহাদতের পর থেকে ১৮ ফেব্রুয়ারিকে “শিক্ষক দিবস” হিসেবে পালন করে আসছে। তবে গত ৫৭ বছর ধরে এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও আজ পর্যন্ত তা পূরণ হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
আলোচনায় বন্ধুসভার সদস্যরা শহীদ শিক্ষকের সেই হৃদয়স্পর্শী উক্তি স্মরণ করেন—‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে।’ এই কথাগুলোই প্রমাণ করে, একজন শিক্ষক তাঁর ছাত্রদের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন।বন্ধুসভার সদস্যরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে এই মহান শহীদ শিক্ষকের প্রতি সম্মান জানাবেন।এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাইম হাসান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফি উপস্থিত ছিলেন।।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী