Published : 01 Mar 2026, 07:06 PM
বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে কিছু বিশেষ যোগ্যতা আপনার থাকতে হবে। এতদিন ধরে এই যোগ্যতাগুলো নিয়ে বিসিবি স্পষ্টভাবে কিছু বলতো না। তবে এখন দুজন নতুন নির্বাচক নিয়োগের জন্য বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গাজী আশরাফ হোসেনের চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবির অনুরোধে তিনি আরও এক মাস প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন। বিসিবি খুব শীঘ্রই নতুন নির্বাচক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। ধারণা করা হচ্ছে, নতুন দুই নির্বাচকের মধ্য থেকেই একজনকে প্রধান নির্বাচক হিসেবে বেছে নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে নির্বাচকদের প্রয়োজনীয় যোগ্যতা এবং কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
জাতীয় দলের নির্বাচক হতে হলে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবে জাতীয় দলে খেলাটা জরুরি নয়, লিস্ট ‘এ’ এবং প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। শুধু খেলার অভিজ্ঞতা থাকলেই চলবে না, বরং সব ধরনের ‘আধুনিক ক্রিকেট’ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। নৈতিকতার দিক থেকে স্বচ্ছ থাকা, নেতৃত্বগুণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। দেশের পাশাপাশি বিদেশেও ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে। বিশ্লেষণ করার ক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং রিপোর্টিংয়ের দক্ষতাও খুব জরুরি। এই যোগ্যতাগুলো থাকলে, বিসিবি আপনার সাক্ষাৎকার নেবে।
নির্বাচিত হলে, নির্বাচকদের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি - এই তিনটি ফরম্যাটের জন্যই বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড নির্বাচন করতে হবে। শুধু জাতীয় দল নয়, নির্বাচক কমিটি হিসেবে বাংলাদেশ ‘এ’ দল, হাই পারফরম্যান্স দল, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ এবং বিপিএলের জন্যও খেলোয়াড় বাছাই করতে হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনাকে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে হবে, ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে দেখতে হবে এবং বিস্তারিত ডেটাবেজ সংরক্ষণ করতে হবে। জাতীয় দলের প্রধান কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করে খেলোয়াড়দের উন্নতির জন্য পরিকল্পনা দিতে হবে। যদি আপনি বিসিবির নির্বাচক হতে আগ্রহী হন এবং উপরোক্ত যোগ্যতাগুলো আপনার মধ্যে থাকে, তাহলে সম্প্রতি তোলা ছবি ও প্রত্যাশিত বেতন উল্লেখ করে জীবনবৃত্তান্ত [email protected]–এ ই-মেইল করুন। আবেদন করার শেষ তারিখ ৮ মার্চ, ২০২৬।।
আদালতে বিচার চলাকালীন বিচারকের উন্মত্ত কাণ্ডে শিক্ষানবিশ আইনজীবীর মাথায় পেপারওয়েট আঘাত