Published : 20 Mar 2026, 01:07 AM
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে নৃশংসভাবে হত্যারহস্য উন্মোচন করেছে পুলিশ। টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। খুলনা থেকে বিশেষভাবে ভাড়া করে আনা হয়েছিল খুনিদের! ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এই তথ্য জানান। তিনি বলেন, শাহবাগ থানার পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) যৌথভাবে এই ঘটনার মূল হোতা ও সহযোগীদের অস্ত্র-শস্ত্রসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো গোলাম রসুল শিহাব (২১), রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০), সাগর ফকির (২৬) ও সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮)। পুলিশ জানায়, গত ১৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে রাকিবুল ইসলাম শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সামনে তার মোটরসাইকেল থামান। এরপরই একদল অজ্ঞাতনামা যুবক তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা প্রথমে পিস্তল দিয়ে রাকিবকে গুলি করে এবং পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় রাকিবকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে জানা যায়, রাকিব বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার সাথে জান্নাত মুন নামের এক তরুণীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুন এর স্বামী সাজিদ এই সম্পর্ক মেনে নিতে না পেরে রাকিবকে হত্যার পরিকল্পনা করে। গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ভাড়াটে খুনি। পুলিশ ১৫ মার্চ রাতে ঘটনাস্থল থেকে গোলাম রসুল শিহাবকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার খুলনার লবণচরা এলাকা থেকে রাফিন শেখ ও শাহারিয়ার নাজিমকে এবং মঙ্গলবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকা থেকে সাগর ফকিরকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে সালাহউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। সালাহউদ্দিন সাগর খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী এবং ভাড়াটে খুনি চক্রের প্রধান হিসেবে পরিচিত। তার নেতৃত্বে একটি দল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে।।
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র পরিদর্শনে প্রধানমন্ত্রী