Published : 27 Mar 2026, 05:06 PM
নেপালের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায় সূচিত হলো। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) তরুণ নেতা বালেন্দ্র শাহ আজ শুক্রবার প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের হাত ধরে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শীতল নিবাসে অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ। নেপালের ইতিহাসে এই প্রথম কোনো মাধেসি সম্প্রদায়ের প্রতিনিধি প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। পেশায় র্যাপার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে রাতারাতি পরিচিতি লাভ করেন। তিনি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করে এক বিস্ময় সৃষ্টি করেছিলেন। ২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করে বালেন্দ্র আরএসপিতে যোগদান করেন এবং জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন।
গত ৫ মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বালেন্দ্র শাহ তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাজিত করেন। এই জয় তাঁকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বালেন্দ্র শাহের শপথগ্রহণের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আরও ১৪ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং আরএসপির ভাইস চেয়ারম্যান ড. স্বর্নিম ওয়াগলে। জেন-জি আন্দোলনের পরিচিত মুখ সুদান গুরুং পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। শিশির কানালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খড়কা রাজ (গণেশ) পৌডেল সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল এবং দীপক সাহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন শস্মিত পোখরেল। বিক্রম তিমিলসিনা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এবং প্রাক্তন সাংবাদিক প্রতিভা রাওয়াল কেন্দ্রীয় ও ভূমি ব্যবস্থাপনামন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। বিরাজ ভক্ত শ্রেষ্ঠ পেয়েছেন শক্তি ও সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব। গীতা চৌধুরী কৃষি ও বন মন্ত্রণালয়ের এবং সবিতা গৌতম আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সিতা বদি মহিলা ও শিশু বিষয়ক এবং সুনীল লামসালকে গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশা মেহতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।।
কড়াইল বস্তিতে ডা. জুবাইদা রহমানের হাত ধরে ‘শিশু স্বর্গ মডেল’ – নতুন দিগন্তের সূচনা