Published : 30 Mar 2026, 07:06 PM
পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭ জন। হাসপাতালের ‘হাম আইসোলেশন কর্নার’ ইতোমধ্যেই রোগীতে পরিপূর্ণ হয়ে যাওয়ায়, কর্তৃপক্ষ পাশের বারান্দায় অস্থায়ীভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, জানুয়ারি মাস থেকে সোমবার পর্যন্ত মোট ১২৬ জন রোগী হামের চিকিৎসায় এসেছেন। বিশেষ করে গত এক সপ্তাহে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত আট দিনে ৩১ জন এবং শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছয়জন শিশু এবং দুইজন নারী। শিশু ওয়ার্ডে এখন রোগীর ভিড়। ঠান্ডা, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে শিশুরা এখানে ভর্তি হচ্ছে।
ওয়ার্ডের এক কোণে কাঁচের দেয়াল দিয়ে ঘেরা ‘হাম আইসোলেশন কর্নার’টি ২০ জনের ধারণক্ষমতা সম্পন্ন। এটি পূর্ণ হয়ে যাওয়ায় কিছু রোগীকে বারান্দায় আলাদা করে রাখা হয়েছে। পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের নার্গিস আক্তার রবিবার রাতে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছেন। তিনি জানান, প্রথমে ছেলের জ্বর ছিল, এরপর শরীরে র্যাশ দেখা দেয়। পরে শ্বাসকষ্ট ও ডায়রিয়া শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন। ছেলেকে নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় আছেন। একই উপজেলার কাশিপুর গ্রামের মায়মুনা আক্তার এসেছেন তাঁর অসুস্থ মেয়েকে নিয়ে। তিনি বলেন, “আমার বেটিডা খুব কষ্ট পাইতাছে। ওর কষ্টে আমাগের খাওয়া-ঘুম সব হারাম হইয়া গেছে। আল্লাহ্ যেন আর কাউক এই রোগে না ভোগায়।
” হাসপাতালের পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, প্রতিদিন নতুন রোগী আসছেন, এবং অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। রোগীর সংখ্যা বাড়ছে দেখে হাম আইসোলেশন কর্নারটি বড় করার পরিকল্পনা করা হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, “আমরা হাম পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছি। প্রতিটি হাসপাতালেই হামে আক্রান্ত রোগীদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।” তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হামে আক্রান্ত রোগীদের জন্য ‘হাম আইসোলেশন কর্নার’ খোলা হয়েছে, যেখানে প্রতিদিন দু-একজন রোগী ভর্তি হচ্ছেন।।
কৃষি ও প্রকৃতির সুরক্ষায় পদ্মা-তিস্তা ব্যারেজ: সরকার নিচ্ছে যুগান্তকারী পদক্ষেপ