Published : 02 Apr 2026, 03:08 PM
দর্শকদের কাছে খায়রুল আর নীপা নামেই পরিচিত তাঁরা। কখনো হাসিয়েছেন, কখনো ছুঁয়ে গেছেন দর্শকের হৃদয়। জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’ তাঁদের পরিচিতি এনে দিয়েছে। অভিনেতা অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়া—গত মাসে শেষ হয়েছে তাঁদের সেই পথচলা। তবে সুখবর হলো, আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা। এবার তাঁদের দেখা যাবে নতুন ধারাবাহিক ‘চেনা অচেনা’য়। জুটি হিসেবে কাজ করতে পেরে ভীষণ আনন্দিত তাবাচ্ছুম ছোঁয়া। তিনি জানালেন, অনেকেই নাকি তাঁকে ‘খায়রুলের বউ’ বলে ডাকেন। হেসে বললেন, “এই ধারাবাহিক থেকেই আমাদের একসঙ্গে কাজ শুরু। এরপর দুটি একক নাটকে অভিনয় করেছি, সেগুলোও খুব শীঘ্রই আসছে। আবারও দ্বিতীয় ধারাবাহিকেও আমরা একসঙ্গে। ‘দেনা পাওনা’ শেষ হওয়ার পর প্রচুর এসএমএস পাচ্ছি, সবাই আমাদের একসঙ্গে দেখতে চান। এমনকি তাঁরা নাটকের শেষটা যেন মেনে নিতে পারছেন না, দ্বিতীয় অংশও চাইছেন।
এই ভালোবাসার জন্যই আমরা আবার একসঙ্গে কাজ করছি।” গুঞ্জনের শুরু প্রায় দুই বছর আগে একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পান তাঁরা। ধীরে ধীরে বুঝতে পারেন, গল্পে তাঁদের একটি জুটি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। প্রথমে ভেবেছিলেন, অন্যান্য নাটকের মতো এটিও হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু তাঁদের রসায়ন দর্শকদের মনে দাগ কাটে। তাঁরা হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। এমনকি তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জনও শোনা যায়। ছোঁয়া একবার জানিয়েছিলেন, তাঁর মা তাঁদের পর্দায় দেখে বলেছেন, ‘খায়রুলকে (অ্যালেন শুভ্র) বিয়ে করতে পারিস।’ এ বিষয়ে অ্যালেন শুভ্র বলেছিলেন, ‘আমি এখনো আন্টির সঙ্গে দেখা করিনি। তবে আমি তাঁকে সালাম জানাতে চাই। চরিত্রের প্রয়োজনে আমরা...আসলে এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’ কেন এত জনপ্রিয়? অ্যালেন শুভ্র মনে করেন, মূলত ভালো অভিনয়ের কারণেই দর্শকেরা তাঁদের পছন্দ করেন। তাঁরা বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, কোনো অতিরিক্ত কিছু করেন না।
তবে ছোঁয়ার মতে এর দুটি কারণ আছে—‘প্রথমত, জুটি হিসেবে আমরা খুব বাস্তব মনে হই। মনে হয়, আমি সত্যিই খায়রুল (অ্যালেন শুভ্র) ভাইয়ের বউ। তাই দর্শকেরা আমাকে ‘ভাবি’ বলেও ডাকেন। আর দ্বিতীয়ত, নিজের প্রশংসা করাটা কঠিন, তবে আমি বলব, দর্শক আমাদের অভিনয়ের কারণেই ভালোবাসেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের রসায়নটা ফুটিয়ে তুলতে। আর এটা সম্ভব হয়েছে ভালো গল্প ও নির্মাণের জন্য।’ নতুন চরিত্রে অ্যালেন ও ছোঁয়া এই জুটির নতুন পথচলা একটু ভিন্ন। তাবাচ্ছুম ছোঁয়াকে দেখা যাবে চঞ্চল চরিত্রে, অন্যদিকে অ্যালেন শুভ্র অভিনয় করবেন এমন একজনের ভূমিকায়, যিনি রাস্তায় ভিক্ষা করেন। মূলত একটি বিয়েকে কেন্দ্র করে এবার তাঁরা জুটি বেঁধেছেন। মিনি এই সিরিজের প্রথম পর্ব গতকাল বুধবার প্রকাশ পেয়েছে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টে। এটি পরিচালনা করেছেন ওমর ফারুক এবং প্রযোজনা করেছেন মোস্তফা কামাল রাজ। নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল মিঠু, এম এন ইউ রাজু প্রমুখ।।
তনু হত্যাকাণ্ডের মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান জামিনে মুক্তি পেলেন