Published : 03 Apr 2026, 11:06 PM
দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি সংরক্ষণে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘ব্যক্তিগত প্রয়োজন নয়, বরং জাতীয় স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি। আমরা যত বেশি সাশ্রয় করব, দেশের জন্য জ্বালানি আমদানি করে বৈদেশিক মুদ্রা খরচ করার প্রবণতা তত কমবে।’ শুক্রবার বিকেলে সিলেটে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। জ্বালানি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। বিদ্যুৎ অপচয় রোধে সন্ধ্যা ৬টার পর থেকে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনার কথা উল্লেখ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘এ সময় বিদ্যুৎ সাশ্রয় করতে পারলে অতিরিক্ত বিল থেকে মুক্তি পাওয়া সম্ভব।
’ বিশ্বের বিভিন্ন দেশে শীত ও গ্রীষ্মকালে ‘ডে লাইট সেভিংস’ পদ্ধতি চালু আছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশেও সরকার পরিস্থিতি অনুযায়ী সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে সৌদি আরবসহ অন্যান্য উৎস দেশে দাম বাড়ার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। তবে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে জ্বালানি তেলের দামও স্থিতিশীল থাকবে বলে তিনি আশা করেন। জাপানের সঙ্গে বাংলাদেশের একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা সংসদে অনুমোদনের অপেক্ষায় আছে। এটি কার্যকর হলে দেশে জাপানি বিনিয়োগ বাড়বে।
পাশাপাশি, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) করার প্রস্তুতি চলছে, যা এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বাণিজ্যে সহায়তা করবে। শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছানোর পর মন্ত্রী পীরমহল্লা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং স্থানীয় মুসল্লি ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে তিনি তাঁর বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গাড়ির ব্যবহার সীমিত করাসহ সরকারের ১১ দফা নির্দেশনা ০৫ মার্চ ২০২৬।।