Published : 05 Apr 2026, 03:06 PM
ইরান ও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকাগুলোর স্যাটেলাইট ছবি প্রকাশে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করেছে প্ল্যানেট ল্যাবস নামের একটি মার্কিন সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্যাটেলাইট চিত্র সরবরাহকারী এই কোম্পানিটি গতকাল শনিবার গ্রাহকদের কাছে ইমেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন সরকার স্যাটেলাইট চিত্র প্রদানকারীদের ছবি প্রকাশ আপাতত বন্ধ রাখতে বলেছে। মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি প্রকাশে এই ধরনের বিধিনিষেধ আরোপ করা নতুন নয়, বরং এটি পূর্বের একটি সিদ্ধান্তের ধারাবাহিকতা। এর আগে প্ল্যানেট ল্যাবস ওই অঞ্চলের ছবি প্রকাশে ১৪ দিনের বিলম্ব আরোপ করেছিল – অর্থাৎ, ছবি তোলার ১৪ দিন পর সেগুলো প্রকাশ করা হতো। তার আগে প্রাথমিকভাবে ৯৬ ঘণ্টার বিলম্বের নিয়ম ছিল।
কোম্পানিটির ভাষ্য, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, সম্ভাব্য প্রতিপক্ষ যেন এই ছবিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কোনো হামলা চালাতে না পারে। প্ল্যানেট ল্যাবস জানিয়েছে, তারা গত ৯ মার্চ থেকে তোলা কোনো ছবি আর প্রকাশ করবে না এবং যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়। এরপর থেকে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, পাশাপাশি বেসামরিক অবকাঠামোর ওপরও আঘাত করছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) একজন প্রাক্তন বিজ্ঞানী ২০১০ সালে প্ল্যানেট ল্যাবস প্রতিষ্ঠা করেন। তারা গ্রাহকদের কাছে পাঠানো ইমেইলে জানিয়েছে, ছবিগুলো এখন ‘নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থায়’ প্রকাশ করা হবে, যাতে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়।
নতুন এই ব্যবস্থায়, প্ল্যানেট ল্যাবস প্রতিটি ছবির গুরুত্ব, অভিযানের তাৎপর্য এবং জনগণের স্বার্থ বিবেচনা করে প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই কোম্পানি আরও জানিয়েছে, ‘এই বিশেষ পরিস্থিতিতে, আমরা আমাদের সকল অংশীদারের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সম্ভাব্য সবকিছুই করছি।’ স্যাটেলাইট প্রযুক্তির সামরিক ব্যবহারগুলির মধ্যে রয়েছে: লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ, অস্ত্রের দিকনির্দেশনা, ক্ষেপণাস্ত্র অনুসরণ এবং যোগাযোগ ব্যবস্থা। মহাকাশ বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র ব্যবহার করতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষরাও একই পথে হাঁটতে পারে।।
সবুজ ভবিষ্যতের পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার