Published : 05 Apr 2026, 07:05 PM
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা! গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা ৫০টির বেশি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর ম্যালওয়্যার। গুগল সাধারণত অ্যাপ স্টোরে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু সাইবার নিরাপত্তা সংস্থা ম্যাকাফি জানিয়েছে, কিছু অ্যাপ এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ব্যবহারকারীদের স্মার্টফোনে ‘নোভয়েস’ নামক ম্যালওয়্যার ছড়াচ্ছে। এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো ইতোমধ্যে প্রায় ২৩ লক্ষেরও বেশিবার ডাউনলোড হয়েছে। ম্যাকাফির মতে, নোভয়েস ম্যালওয়্যারটি সাধারণত ক্লিনার, ছবি গ্যালারি ও গেম অ্যাপের ছদ্মবেশে স্মার্টফোনে প্রবেশ করে।
এরপর এটি ২০২১ সালে সমাধান করা পুরোনো অ্যান্ড্রয়েড দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে স্মার্টফোনের রুট অ্যাক্সেস পেয়ে যায়। এর মাধ্যমে অন্য যেকোনো অ্যাপ চালু করার সময় ম্যালওয়্যারটি সেখানে ক্ষতিকর কোড যুক্ত করে তথ্য চুরি করতে থাকে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো ডাউনলোড করার সময় কোনো অস্বাভাবিক অনুমতির প্রয়োজন হয় না এবং ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। ফলে, ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তাদের স্মার্টফোন থেকে তথ্য চুরি হচ্ছে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের স্মার্টফোনে ২০২১ সালের পর থেকে নিয়মিত নিরাপত্তা আপডেট করা হয়েছে, সেগুলো নোভয়েস ম্যালওয়্যার থেকে সুরক্ষিত।
তাই, ব্যবহারকারীদের সবসময় তাদের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা উচিত। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অ্যাপ ডাউনলোড করার আগে নির্মাতার তথ্য ভালোভাবে যাচাই করতে হবে এবং অন্যান্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে হবে। এছাড়াও, অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। সূত্র: ব্লিপিং কম্পিউটার।
জ্বালানি সংকট নিরসনে সরকারের অবিরাম প্রচেষ্টা: প্রধানমন্ত্রীর বার্তা