Published : 10 Apr 2026, 01:05 AM
ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। সম্প্রতি পলাশের বোন, সঙ্গীতশিল্পী পলক মুচ্ছলের সঙ্গে স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানাকে দেখা গেছে। এই সাক্ষাতের ছবি ভাইরাল হতেই অনেকে মনে করছেন, দুই পরিবারের মধ্যে বুঝি আবার সুসম্পর্ক ফিরে আসছে! ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, পলক মুচ্ছল স্মৃতি মান্ধানার বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছেন। অনেকেই এটাকে দুই পরিবারের সম্পর্ক জোড়া লাগানোর ইঙ্গিত হিসেবে দেখছেন। বছরখানেক আগে, গত বছরের ২৩ নভেম্বর পলাশ ও স্মৃতির বিয়ের কথা ছিল। কিন্তু বিয়ের দিন সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদরোগে আক্রান্ত হওয়ায় সবকিছু ভেস্তে যায়।
এরপর স্মৃতি বিয়ে স্থগিতের ঘোষণা দেন। যদিও পলাশ কয়েক ঘণ্টা হাসপাতালে ছিলেন, পরে তিনি বাসায় ফেরেন। তবে এর মাঝেই স্মৃতি ইনস্টাগ্রাম থেকে বাগদান, গায়েহলুদসহ বিয়ের সমস্ত পোস্ট মুছে ফেলেন। পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যখন মেরি ডি’কস্তা নামের এক নারীর সঙ্গে পলাশের ঘনিষ্ঠ মুহূর্তের স্ক্রিনশট ফাঁস হয়ে যায়। এই ঘটনায় স্মৃতির সঙ্গে পলাশের সম্পর্কে ফাটল ধরে বলে গুঞ্জন ওঠে। পরে পলাশ ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।
ভিত্তিহীন খবরে মানুষ দ্রুত প্রতিক্রিয়া জানায়, যা আমাকে কষ্ট দেয়। আমরা যেন যাচাই না করে কারও বিচার না করি।’ পলক মুচ্ছলও ইনস্টাগ্রামে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান। বিয়ে ভেঙে যাওয়ার পর স্মৃতি ও পলাশ একে অপরকে আনফলো করেন। তবে এবার পলক মুচ্ছল ও স্মৃতির বাবার এই সাক্ষাৎ আবারও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। (হিন্দুস্তান টাইমস অবলম্বনে)।