Published : 24 Apr 2026, 01:06 AM
২০২৪ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘বেবিগার্ল’ সিনেমা নিয়ে দর্শকদের মন জয় করার পরপরই নিকোল কিডম্যান শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। কিন্তু আচানকাই তাঁর মাতৃবিয়োগের খবর তাঁকে উৎসবের আনন্দ থেকে ফিরিয়ে আনে এবং পুরস্কার গ্রহণ করতে হয় অনুপস্থিতিতে। বছরের শুরুতেই শোনা যায় তাঁর ১৯ বছরের দাম্পত্য জীবন ভেঙে গেছে। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়গুলো সামলে উঠেছেন অভিনেত্রী, এবং আবারও খুঁজে পেয়েছেন নিজেকে। গত কয়েক সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে নিকোলকে দেখে অনেকেই অবাক হয়েছেন। লালগালিচায় আগের মতোই ঝলমলে, প্রাণবন্ত তিনি। গণমাধ্যমগুলো ফলাও করে লিখছে—‘নতুন নিকোল কিডম্যান’। অভিনেত্রী জানান, ব্যক্তিগত শোক কাটিয়ে নতুন করে শুরু করাটা সহজ ছিল না। মায়ের মৃত্যুর কথা জানতে পেরে তিনি ভেঙে পড়েছিলেন। মঞ্চে ওঠার প্রস্তুতি নেওয়ার সময়েই তিনি এই দুঃসংবাদ পান।
খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হোটেলে ফিরে যান এবং শোকাহত হয়ে পড়েন। শেষবারের মতো মায়ের সঙ্গে দেখা করার জন্য রাতের অন্ধকারে ভেনিসের খালপথে বিমানবন্দরের দিকে রওনা হয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। এই কঠিন অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে। তিনি মনে করেন, এই ঘটনাই তাঁকে শিখিয়েছে জীবনের যেকোনো প্রতিকূলতা সাহসের সঙ্গে মোকাবিলা করতে। নিকোলের মা জ্যানেল অ্যান কিডম্যান ছিলেন একজন নার্সিং প্রশিক্ষক এবং নারী অধিকারকর্মী। নিকোল জানান, তাঁর মায়ের পরামর্শই তাঁকে ক্যারিয়ারের কঠিন সময়ে অভিনয় চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। সম্প্রতি কিছু অনুষ্ঠানে নিকোলকে আরও বেশি তরুণ দেখাচ্ছে বলে অনেকে মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চলছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি নাকি ‘নন-ইনভেসিভ’ অর্থাৎ সার্জারি ছাড়াই বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট, যেমন লেজার থেরাপি নিয়েছেন। তবে এই তথ্যের সত্যতা তিনি নিজে নিশ্চিত করেননি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘তিনি এখন অনেক বেশি শান্ত, আত্মবিশ্বাসী এবং নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন।’ এদিকে, বিচ্ছেদের পর অভিনেতা সাইমন বেকারের সঙ্গে নিকোলের নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁদের ঘনিষ্ঠতা দেখা যায়, যা এই গুঞ্জনকে আরও জোরালো করে। তবে এ বিষয়ে কেউই মুখ খোলেননি। নিকোলকে সবশেষ ‘মার্গোস গট মানি ট্রাবলস’ সিরিজে দেখা গেছে। অ্যাপল টিভি প্লাসে ১৫ এপ্রিল মুক্তি পেয়েছে এই সিরিজ। ভ্যারাইটি অবলম্বনে।।
সংবিধান সংশোধনে সকল পক্ষের মতামতই চূড়ান্ত: বিশেষ কমিটির ঐতিহাসিক সিদ্ধান্ত