Published : 02 May 2026, 09:07 PM
প্রায় দুই দশকের বিরতির পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের উত্তেজনা! আগামী ৮ ও ১০ জুন স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অতীতের স্বৈরাচারী সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার ছিল ব্যাপক। অন্যদিকে, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনী ওয়াদা পূরণে বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর যাত্রা নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ এক স্মরণীয় দিন।
স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে প্রতিভাবানদের খুঁজে বের করেছিলেন, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া বেগবান করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে ‘নতুন কুঁড়ি’র যাত্রা আবারও শুরু হলো, এবং খেলোয়াড়দের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করা হলো। আটটি ভিন্ন খেলায় সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হবে। জাতীয় পর্যায়ে বিজয়ীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক জামিলুর রহমান জানান, ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ হওয়ার পর এই স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০২৩ সালে বিসিবি এই স্টেডিয়ামটিকে ক্রিকেট ভেন্যু হিসেবে বাতিল করে দেয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বিরোধের কারণে ২০২৩ সালের ২ মার্চ বিসিবি স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের জন্য চিঠি দেয়।
একই দিনে, বিসিবি শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত তাদের ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহার করে নেয়। এছাড়াও, স্টেডিয়ামের রোলার, পিচ কাভারসহ অন্যান্য সরঞ্জাম এবং ড্রেসিংরুমের আসবাবপত্র ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের মুখে বিসিবি জনবল ও সরঞ্জাম প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং সবকিছু ফিরিয়ে দেয়। কিন্তু মাঠের সংস্কারের জন্য আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।।
আদালতে বিচার চলাকালীন বিচারকের উন্মত্ত কাণ্ডে শিক্ষানবিশ আইনজীবীর মাথায় পেপারওয়েট আঘাত