Published : 09 May 2026, 07:07 PM
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান মনে করেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন বাস্তববাদী, সুষম এবং উন্নয়ন-বান্ধব হওয়া অত্যাবশ্যক। বর্তমান বিশ্ব ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির দ্রুত রূপান্তরের এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে, নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ এবং কৌশলগত দিকগুলোর ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। ‘বাংলাদেশ ফার্স্ট: এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ’ শীর্ষক এক নীতি আলোচনা সভায় উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত একটি হোটেলে শান্তি ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিআইপিএসএস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে অর্থনৈতিক কূটনীতিকে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন আ ন ম মুনিরুজ্জামান।
একইসাথে, বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও তিনি জোর দেন।আ ন ম মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশের উচিত বড় শক্তিগুলোর সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং একটি সতর্কতাপূর্ণ কৌশলগত ভারসাম্য নিশ্চিত করা। তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করেন। তাঁর মতে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গুরুত্ব ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং এই অঞ্চলটি বিশ্বে সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলের মধ্যে অন্যতম। তাই, আঞ্চলিক সংস্থাগুলোকে নতুন করে উজ্জীবিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। রোহিঙ্গা সংকটকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, রোহিঙ্গাদের সম্মান, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য সরকারকে উদ্ভাবনী এবং কার্যকরী কৌশল অবলম্বন করতে হবে।আ ন ম মুনিরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এছাড়া, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে সামুদ্রিক নিরাপত্তাকে বাংলাদেশের কৌশলগত স্বার্থের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন বিআইপিএসএস প্রেসিডেন্ট। একইসাথে, জন কূটনীতি এবং ‘সফট পাওয়ার’ ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। আ ন ম মুনিরুজ্জামান বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনশীল এবং বাংলাদেশকে আত্মবিশ্বাস, প্রজ্ঞা ও ঐক্যবদ্ধতার সাথে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। কার্যকর নেতৃত্ব এবং সুচিন্তিত কূটনীতির মাধ্যমে পররাষ্ট্রনীতি জাতীয় সমৃদ্ধি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা বৃদ্ধি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিআইপিএসএসের সিনিয়র রিসার্চ ফেলো শাফকাত মুনির অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।।
বাংলাদেশ আর কারো খেলার ‘বল’ নয়, ন্যায্যতার রক্ষক হবে: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা