Published : 10 May 2026, 11:06 PM
দেশে হামের সংক্রমণে তিন শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যুতে ক্ষুব্ধ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবি জানিয়েছে। একইসঙ্গে সংগঠনটি জরুরি ভিত্তিতে হাম রোগীদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল নির্মাণের এবং স্বাস্থ্যসেবা জাতীয়করণ করার জোরালো দাবি তুলেছে।রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবিগুলো জানানো হয়। ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সঞ্চালনে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আসিফ জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি কে এম আবদুল্লাহ নিশাত প্রমুখ।সভাপতি তামজীদ হায়দার চঞ্চল বলেন, স্বাস্থ্যখাতকে সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আনতে হবে এবং মুনাফাভিত্তিক চিকিৎসা ব্যবস্থা বন্ধ করতে হবে। দেশের নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি ডাকসু নেতাদের কেন্দ্রীয় খেলার মাঠে ফিল্ড হাসপাতাল নির্মাণে নীরবতা পালনের সমালোচনা করে বলেন, জনগণের স্বাস্থ্য নিয়ে ব্যবসা করা অগ্রহণযোগ্য। শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাণিজ্যিকীকরণ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম অপরিহার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, শিশুমৃত্যুর ঘটনায় বর্তমান সরকার এবং বিরোধী দলের মধ্যে একটি অদ্ভুত মিল দেখা যাচ্ছে। এমনকি সংসদ অধিবেশনেও এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা আলোচনা চোখে পড়ে না। তিনি জানান, ইউনিসেফ হামের প্রকোপ ও শিশুমৃত্যু নিয়ে ইউনূস সরকারকে সতর্ক করেছিল, কিন্তু মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হন। এই কাঠামোগত হত্যাকাণ্ডের দায় ইউনূস সরকার এবং বর্তমান সরকার উভয়েরই নিতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, ‘পুরোনো স্বৈরাচারী শাসনের অবসানের পরেও নতুন স্বৈরাচার জন্ম নিচ্ছে, এবং আমরা এই দুষ্টচক্র থেকে বের হতে পারছি না। শিক্ষাখাতের মতো স্বাস্থ্যখাতেও বাণিজ্যিকীকরণ হয়েছে। সাড়ে তিনশ’ শিশুর মৃত্যুর অন্যতম কারণ এই বাণিজ্যিক মানসিকতা।’সমাবেশ শেষে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কলাভবন, ডাকসু এবং কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।।
রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল, নির্বাচন কমিশনের নতুন তফসিল ঘোষণা