Published : 13 May 2026, 01:06 PM
সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কারওয়ান বাজার এলাকার একটি ভিডিওতে সাংবাদিক মুন্নী সাহাকে আটকের দৃশ্য দেখা যায়। তবে, যাচাই করে জানা গেছে, এটি সাম্প্রতিক ঘটনার ভিডিও নয়, বরং দেড় বছর আগের। ‘জিএম তাহসিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার ২ মিনিট ২১ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করা হয়, যেখানে দাবি করা হয় ‘কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহা আটক’। ভিডিওটি ইতোমধ্যে দুই লাখের বেশিবার দেখা হয়েছে এবং সাড়ে তিন হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে। প্রায় ৬ হাজার ৩০০ জন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ১ হাজার ৩০০ জন মন্তব্য করেছেন।মন্তব্যের ঘরে অনেকেই এই ভিডিওকে বর্তমান সময়ের ঘটনা ধরে নিয়ে প্রশ্ন তুলেছেন। মোহাম্মদ আলি নামের একজন লিখেছেন, ‘সাংবাদিক হিসেবে উনি জনগণের জন্য কী কাজ করছেন, তা স্পষ্ট করা উচিত।
’ মাসুদ নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত!’ এরকম আরও অনেক পেজ ও অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। কোনো কোনো পোস্টে ভিডিওটি ৯ লাখের বেশিবার দেখা গেছে।বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি ২০২৪ সালের। একাধিক সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেলে এটি পাওয়া যায়। ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে গত ১ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়েছিল।২০২৪ সালের ৩০ নভেম্বর রাতে কাওরান বাজারে একদল লোক মুন্নী সাহাকে আটক করে, এমন খবর প্রকাশিত হয়েছিল। পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে গিয়েছিল।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন প্রথম আলোকে জানিয়েছিলেন, সাংবাদিক মুন্নী সাহা জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।তবে, পরবর্তীতে মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়, এবং এই খবরও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সুতরাং, বর্তমানে যে ভিডিওটি ছড়াচ্ছে, সেটি পুরোনো এবং বিভ্রান্তিকর।মুন্নী সাহাকে ৮ ও ৯ মে অনুষ্ঠিত মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে’ অংশ নিতে দেখা গিয়েছিল। ।