Published : 14 May 2026, 01:05 AM
দেশের সশস্ত্র বাহিনীর সুনাম নষ্ট এবং মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে একটি চক্র ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। এই অপপ্রচার বন্ধে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা। বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যদের এই সংগঠন। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশ যখন জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে ঊর্ধ্বে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বৈদেশিক সম্পর্ককে আরও শক্তিশালী করছে, ঠিক তখনই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাহিনী সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে।
আধুনিক ও যুগোপযোগী করে তোলার উদ্যোগের পাশাপাশি, তারা বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং যুদ্ধবিমান কেনার বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা করছে। সংগঠনটি আরও জানায়, বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা, বাহিনীর সাথে উগ্রপন্থার সম্পর্ক তৈরি করার অপচেষ্টা এবং অনলাইনে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে সন্দেহ তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এছাড়াও, প্রাক্তন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এ কে এম শামসুল ইসলামের বিরুদ্ধেও কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তারা মনে করে, এই ধরনের কাজ শুধু একজন ব্যক্তির সম্মানহানি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং দেশের স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দেশবাসীর কাছে গুজব ও মিথ্যা তথ্য থেকে সতর্ক থাকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছে। একইসাথে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে।।
কড়াইল বস্তিতে ডা. জুবাইদা রহমানের হাত ধরে ‘শিশু স্বর্গ মডেল’ – নতুন দিগন্তের সূচনা