Published : 24 May 2026, 10:36 AM
চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ৮৪ কোটি ৪৯ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তাঁর পরিবারের সদস্যসহ মোট ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের জন্য দেওয়ানি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংক সূত্রে জানা যায়, এই ঋণের বিপরীতে কোনো সম্পত্তি বন্ধক রাখা হয়নি এবং আদালতের ডিক্রি জারি হওয়ার পরেও ঋণগ্রহীতাদের মালিকানাধীন কোনো অস্থাবর বা স্থাবর সম্পত্তি খুঁজে পাওয়া যায়নি।
ঋণ আদায়ের অন্য কোনো উপায় না দেখে ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি কারাদণ্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আজ তাঁদের বিরুদ্ধে ৫ মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেয়। গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ওসমান গনি, মো. রাশেদুল আলম, ফারজানা বেগম, আবদুস সামাদ, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা পারভীন এবং আহসানুল আলম। তাঁদের সবার বর্তমান ঠিকানা হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার এস আলম হাউস উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র খাতুনগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দিদারুল আলম মজুমদার ব্যাংকের পক্ষ থেকে এই আবেদন ও হলফনামা দাখিল করেন। অ্যাডভোকেট রকিবুল আনোয়ার এই মামলাটি পরিচালনা করছেন। দীর্ঘ শুনানি ও নথি পর্যালোচনার পর আদালত এই চূড়ান্ত আদেশ দেন।।
চট্টগ্রামে নৃশংস ঘটনা: ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ৩০-এর বেশি