Published : 26 May 2026, 08:17 PM
আজ (২৬ মে) পবিত্র হজের চূড়ান্ত লগ্নে, প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও লক্ষ লক্ষ মুসল্লি আরাফাতের ময়দানে একত্রিত হয়েছেন। সৃষ্টিকর্তার প্রতি গভীর আনুগত্য ও আত্মসমর্পণের এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকছে এই পবিত্র ভূমি। ফজরের আজান দেওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজীগণ ‘তালবিয়া’ ও ‘তাকবির’ ধ্বনিতে মুখরিত করে তুলেন আরাফাতের ময়দান। তারা পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার ও মুনাজাতে মশগুল রয়েছেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী, ‘ওকুফে আরাফাহ’ হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন।
সূর্যাস্তের পর হাজীগণ মুজদালিফার দিকে যাত্রা করবেন এবং সেখানে পাথর সংগ্রহ করবেন। আগামীকাল থেকে মিনায় শয়তানের প্রতীকী পাথর নিক্ষেপের ঐতিহ্যপূর্ণ প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেও, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লক্ষাধিক মুসল্লি পবিত্র হজ পালনে এসেছেন। ইরান থেকে প্রায় ৩০ হাজার হাজী অংশগ্রহণ করেছেন, যেখানে শুরুতে ৮৬ হাজার আসার কথা ছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ‘যুদ্ধকালীন পরিস্থিতি’র কারণে এই সংখ্যা হ্রাস পেয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানায়, গত বছরের তুলনায় এবার বিদেশ থেকে বেশি সংখ্যক হাজী এসেছেন।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো হজ। প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য জীবনে একবার হলেও হজ পালন করা ফরজ। বর্তমানে মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। তাই সৌদি সরকার হাজীগণকে পর্যাপ্ত পানি পান এবং সূর্যের প্রখর তাপ থেকে নিজেদের রক্ষা করার পরামর্শ দিয়েছে, কারণ হজের অধিকাংশ আনুষ্ঠানিকতাই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় এবং এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় পাঁচ দিন বা তারও বেশি সময় লাগতে পারে।।
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে অতর্কিত হামলা, ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা