Published : 14 Jun 2026, 05:27 PM
পবিত্র ঈদুল আজহার সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শনের পর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কঠোর নজরদারি শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবার রাতের বেলায় বর্জ্য তদারকিতে সরাসরি নেমেছেন। বুধবার রাত ১১টার দিকে প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে রাজধানীর কাকলী এলাকা সহ আশপাশের অঞ্চলগুলো পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী ঘণ্টাখানেক ধরে বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতার কাজ পর্যবেক্ষণ করেন। তিনি শুধু কাজের গতি নয়, বর্জ্য কোথায় জমে আছে, অপসারণে কত সময় লাগছে এবং মাঠপর্যায়ে কর্মীরা কীভাবে কাজ করছেন—এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি জানতে চান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনকে দ্রুত বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ কমানোর নির্দেশ দিয়েছিলেন। পরদর্শনের সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংশ্লিষ্টদের স্পষ্ট বার্তা দেন যে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। নগরবাসীর দুর্ভোগ কমাতে মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার করতে হবে এবং শুধু দাপ্তরিক প্রতিবেদন নয়, বাস্তব কাজের ফল মাঠে দেখা যেতে হবে। তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়মিত ও সময়মতো সম্পন্ন করতে হবে। যদি কোথাও বর্জ্য জমে থাকে, তবে তা অবিলম্বে অপসারণ করতে হবে।
দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর থেকে রাতের বেলায়ও বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির আওতায় আনা হয়েছে।।
সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো: ১ জুলাই থেকে কার্যকর, আসছে বিস্তারিত ঘোষণা