Published : 25 Jun 2026, 01:26 PM
তাত্ক্ষণিক তারল্য সংকটের মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। এই সহায়তাটি দেওয়া হয় গত রোববার (১৪ জুন)। ইসলামী ব্যাংকের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকটির এই পদক্ষেপের পেছনে রয়েছে সাম্প্রতিক অস্থিরতা। ঈদের পর থেকে নতুন চেয়ারম্যান নিয়োগের বিতর্ক এবং 'সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে গ্রাহকদের তীব্র আন্দোলনের ফলে ব্যাংকের মধ্যে ব্যাপক অস্থিরতা দেখা যায়।
এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক আমানতকারী তাদের অর্থ তুলে নিতে শুরু করেন। তারল্যের এই গভীর ঘাটতি এতটাই প্রকট ছিল যে ব্যাংক গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ সরবরাহ করতে ব্যর্থ হয়। একইসঙ্গে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিও-ও (সিআরআর) বজায় রাখতেও ব্যাংকটি সক্ষম হয়নি। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সাহায্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল। এরই ফলস্বরূপ, এই ২ হাজার ৫০০ কোটি টাকার জরুরি সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কাটবে এবং আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি আরও বলেন, প্রয়োজনে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে।।