Published : 08 Jul 2026, 09:30 PM
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে মোবাইল ফোনে এই নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তিনি আপাতত মৌখিকভাবে নির্দেশনা প্রদান করলেও আশা করা হচ্ছে আনুষ্ঠানিক চিঠি আগামীকাল পৌঁছাবে। জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং পুনঃগণশুনানি করা হবে।
চিঠি পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের সূত্রমতে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত মূলত জনগণের আকাঙ্ক্ষা এবং স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা এক প্রজ্ঞাপনে প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন তৈরি হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় 'মীরবাড়ী' এবং মোকামতলা উপজেলায় 'সীমান্ত', 'দিগন্ত' ও 'স্বর্ণগ্রাম' নামে ইউনিয়ন গঠিত হয়। পরবর্তীতে এই নামকরণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
অভিযোগ ছিল, প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম 'মীরবাড়ী' এবং তাঁর সন্তানদের নামের সঙ্গে মিল রেখে 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং নামকরণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। জাতীয় সংসদেও এই বিষয়ে উত্থাপিত হলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমেই নামগুলো নির্ধারণ করেছেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এই নামগুলো দেওয়া হয়েছে এবং তাঁর সন্তানদের নামের সঙ্গে মিল থাকা কাকতালীয়। কিন্তু জনমনে অসন্তোষ ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে নাম পরিবর্তনের নির্দেশ দেন।।
চীন সফর শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক বার্তা