Published : 12 Jul 2026, 12:15 PM
হরমুজ প্রণালীতে একটি কনটেইনার জাহাজে হামলার পর ইরান আমেরিকার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এই অভিযানে তারা ইরানের প্রায় ১৪০টি সামরিক স্থাপনায় তীব্র বিমান হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরান দাবি করেছে যে তারা জর্ডান, বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একইসঙ্গে, ইরান হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ওমানের জলসীমা দিয়ে প্রণালী পার হওয়ার সময় তিনটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একে অপরের বিরুদ্ধে বোমাবর্ষণ শুরু হয়। এরপর গত সোমবার হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার সময় সাইপ্রাসের পতাকাবাহী 'এমভি জিএফএস গ্যালাক্সি' নামের একটি বাণিজ্যিক জাহাজে ইরান নতুন করে বিমান হামলা চালায়।
সেন্টকম জানিয়েছে, ইঞ্জিনকক্ষে মারাত্মক ক্ষতির কারণে জাহাজটি আর যাত্রা করতে পারেনি এবং বেসামরিক নাবিকরা লাইফবোটে আশ্রয় নিতে বাধ্য হন। এই ঘটনায় একজন বেসামরিক নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পূর্বের হামলার জন্য জবাবদিহির মুখে পড়ার পরেও সমঝোতা স্মারক মেনে চলার আরেকটি সুযোগ ইরানকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা পালনে ব্যর্থ হয়েছে। এই তথ্য শেয়ার করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেছেন, 'ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।' অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে যে, নিয়ম লঙ্ঘনকারী ওই জাহাজটি বারবার নির্দেশ অমান্য করে এবং নিজেদের অবস্থান শনাক্তকরণের ব্যবস্থা বন্ধ করে অনুমোদিত পথ থেকে সরে যায়। এরপর জাহাজটিকে লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি এবং পরে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থামতে বাধ্য করা হয়।
এই ঘটনার পরপরই ইরান ঘোষণা করে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। ইরান জোর দিয়ে বলছে যে, তাদের জলসীমার মধ্য দিয়ে যাওয়া পথটিই একমাত্র 'নিরাপদ' নৌপথ। আইআরজিসি সতর্ক করেছে যে, হরমুজ প্রণালী বন্ধের ফলে যুক্তরাষ্ট্র কোনো 'আগ্রাসন' চালালে তার কঠোর জবাব দেওয়া হবে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে। জর্ডান, কুয়েত, বাহরাইন ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের এই হামলা চালানো হয়।।
সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া: বিজিবির গুলিতে আতঙ্কিত চক্র