Published : 12 Jul 2026, 07:15 PM
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা গতকাল শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে এক অসাধারণ গ্র্যাজুয়েশন ফ্যাশন শো আয়োজন করে। 'প্রতিটি সেলাই আমাদের গল্প বলে' এই মূল ভাবনা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন ডিজাইনারদের শৈল্পিক দক্ষতা, কারিগরি জ্ঞান এবং সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের এক মনোমুগ্ধকর উপস্থাপনা সামনে আসে। উপাচার্য মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে এই জমকালো অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. লুৎফর রহমান এবং বিএসসিআইসির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বাংলাদেশের আধুনিক কারুশিল্পের পথিকৃৎ চন্দ্রশেখর সাহা উপস্থিত ছিলেন।
ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে এফডিটি বিভাগের প্রধান আফরোজা হক ডেইজিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং ফ্যাশন ও পোশাকশিল্পের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এবারের প্রদর্শনীতে পাঁচটি ভিন্ন থিমের কালেকশন উপস্থাপন করা হয়—স্মার্ট ক্যাজুয়াল, ঐতিহ্যবাহী পোশাক, স্ট্রিটওয়্যার, ইভনিং ওয়্যার এবং উৎসব ও বিবাহের উপযোগী পোশাক। প্রতিটি কালেকশন নান্দনিক কারুশিল্প, আধুনিক নকশা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ ঘটিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতার স্বাক্ষর রাখে।
জমকালো র্যাম্প শো, অতিথিদের মূল্যবান বক্তব্য এবং ফ্যাশন-পোশাক শিল্পের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, ডিজাইনার ও শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা পর্বে আয়োজক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই গ্র্যাজুয়েশন ফ্যাশন শো কেবল শিক্ষার্থীদের সৃজনশীল অর্জনের মঞ্চ নয়; এটি ডিজাইন শিক্ষা, গবেষণা এবং শিল্প-একাডেমিয়ার সমন্বয়ে বাংলাদেশের ফ্যাশন-শিল্পের জন্য দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরির এসএমইউসিটির অঙ্গীকারের প্রতিফলন। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাজীবনে প্রবেশের আগে তাদের প্রতিভা ও সক্ষমতাকে শিল্পজগতের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।।
খারাপ আবহাওয়ার জেরে স্থগিত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা বাতিল