Published : 15 Jul 2026, 12:11 AM
জাতীয় সংসদে নিজের ব্যক্তিগত মন্তব্যের কারণে কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে তিনি কোনো কথা বলেননি বলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে 'বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬' উত্থাপনের নির্ধারিত কর্মসূচি ছিল। বিলটি পেশ করার ঠিক আগে শিক্ষামন্ত্রী এই দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, 'আমার ব্যক্তিগত মন্তব্য যদি কারো মনে আঘাত দিয়ে থাকে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করার উদ্দেশ্য আমার ছিল না।' একইসঙ্গে তিনি পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোকপাত করেন।
শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পদার্থ বিজ্ঞান, যুক্তিবিদ্যা ও হিসাব বিজ্ঞান পরীক্ষাগুলো যখন অনুষ্ঠিত হবে, তখন অন্যান্য বোর্ডের পদার্থ বিজ্ঞান পরীক্ষাগুলোও একই সময়ে নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে, পদার্থ বিজ্ঞান পরীক্ষা নিয়ে ইতোমধ্যে আপত্তি থাকায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বোর্ডগুলোতেও এই বিষয়ে পরীক্ষা পুনরায় গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।।