Published : 24 Jul 2026, 01:15 PM
গ্লোবাল সিটিজেন এবং ফিফার যৌথ উদ্যোগে ২০২৬ বিশ্বকাপের স্মৃতি বহনকারী মূল্যবান স্মারকগুলোর দাতব্য নিলামের আয়োজন করেছে ক্রিস্টিজ। এই নিলাম শেষ হতে আর মাত্র ছয় দিন বাকি। এরই মধ্যে নিলামে তোলা বিভিন্ন স্মারকগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বস্তুর প্রতি সংগ্রাহকদের আগ্রহ আকাশছোঁয়া। এই স্মারকটির মূল্য এমন যে তা লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সির দামকেও ছাড়িয়ে গেছে। নিলামে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত স্মারকগুলোর মধ্যে উঠে এসেছে বিটিএস ব্যান্ড তারকা জিমিনের পোশাক। ফুটবল বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে প্রথম বিরতিকালীন (হাফটাইম) শোতে পারফর্ম করার সময় এই পোশাকটি পরিধান করেছিলেন জিমিন। এই দাতব্য নিলামটির শিরোনাম ছিল ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’। এই নিলামের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের ৪০টিরও বেশি স্মারক বিক্রি হয়েছে এবং সংগৃহীত অর্থ ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’ প্রদান করা হবে, যা বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের প্রসারে কাজ করে।
২৯ জুলাই পর্যন্ত এই নিলাম চালু থাকবে। জিমিনের জার্সিটির সর্বোচ্চ মূল্য উঠেছে ১৪ হাজার ডলার (প্রায় ১৭ লক্ষ ৩০ হাজার টাকা)। নিলামের সবচেয়ে মূল্যবান স্মারক তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে লিওনেল মেসির জার্সি এবং হাফটাইম শোতে পারফর্ম করা পপ তারকা ম্যাডোনার ব্যবহৃত গ্লাভস। এই দুটি স্মারকের জন্য ৬ হাজার ডলার (প্রায় ৭ লক্ষ ৪১ হাজার টাকা) করে দাম হাঁকা হয়েছে। নিলামের সময়সীমা শেষ হওয়ার আগে এই স্মারকগুলোর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার শিল্পীর পোশাকটি প্রথম স্থান ধরে রাখার সম্ভাবনা প্রায় নিশ্চিত। নিলামের অন্যান্য প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল খেলায় ব্যবহৃত ফুটবল, বিভিন্ন দলের খেলোয়াড়দের স্বাক্ষরযুক্ত জার্সি, ঐতিহাসিক হাফটাইম শোতে শাকিরার পোশাক এবং বিটিএসের অন্যান্য সদস্যদের ব্যবহৃত পোশাক, পাশাপাশি পপ তারকা ম্যাডোনার বিভিন্ন সামগ্রীও উঠেছে এই নিলামে। এই পরিবেশনাটি ফিফা অনুমোদিত শিক্ষা তহবিলের অর্থ সংগ্রহের লক্ষ্যে গ্লোবাল সিটিজেন সংস্থার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করা হয়।
এই নিলাম থেকে গ্লোবাল সিটিজেন সংস্থার জন্য প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব বলে আশা করা হচ্ছে। সংগৃহীত অর্থ পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের মানসম্মত শিক্ষা ও খেলার সুযোগ বৃদ্ধিতে ব্যবহার করা হবে বলে সংস্থাটি জানিয়েছে। এনএফএল দলমালিক ও প্রয়াত সমাজসেবক জিম আরসের বিভিন্ন স্মারক বিক্রির মাধ্যমে ক্রিস্টিজ ইতিহাসে এক অভূতপূর্ব নিলামের রেকর্ড গড়েছিল। এই অভাবনীয় সাফল্যের এক মাসও না পেরোতেই নতুন এই দাতব্য উদ্যোগটি শুরু হয়। পাঁচটি ধাপে আয়োজিত সেই নিলামে ৪০৪টি স্মারক বিক্রি করে প্রায় ৩০টি নতুন রেকর্ড তৈরি হয় এবং মোট ১০ কোটি ৫৩ লক্ষ ডলার সংগ্রহ করা হয়।।
বিদেশি বিনিয়োগের পথে সরকার প্রস্তুত: সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী