Published : 24 Jul 2026, 02:14 PM
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ সংক্রান্ত যে গুজব ছড়িয়ে পড়েছে, সেগুলোতে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই বার্তা দেন। রাষ্ট্রপতি পদত্যাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'গুজবে কর্ণপাত করা উচিত নয়। সংবাদপত্র পড়ে রাজনীতির সত্যতা যাচাই করা সম্ভব নয়। আর এটি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গুজব দিয়ে কিছু বলা ঠিক হবে না।' তিনি আরও যোগ করেন, 'পুরো বিশ্বই গণতন্ত্রের চ্যালেঞ্জের মুখে, কিন্তু আমরা সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখেছি।' তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনজবাবদিহিতা বজায় রাখতে বদ্ধপরিকর। এদিকে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জল্পনার মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তাঁর ফেরার কথা ছিল আগামী ২৬ জুলাই। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, গণ-অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের মিত্র রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ পদত্যাগ করবেন। ২০২৩ সালে ৭৬ বছর বয়সে পাঁচ বছরের মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁকে মনোনয়ন দিয়েছিল হাসিনার দল, যা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রয়টার্সের তিনটি সূত্র নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয়েছে। একটি সূত্র আরও জানিয়েছে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে পদত্যাগের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। আনুষ্ঠানিক ঘোষণা আজ শুক্রবার আসবে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তিনটি সূত্রই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
এই বিষয়ে মন্তব্যের জন্য বারবার যোগাযোগ করা হলেও সাহাবুদ্দিন কোনো প্রতিক্রিয়া দেননি। গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে বলেছিলেন যে নির্বাচনের পরপরই তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছেন। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিক উত্তর দেননি। সূত্রগুলো ইঙ্গিত দেয় যে স্থায়ী প্রার্থী নির্বাচিত হওয়ার আগে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।।