Published : 03 Aug 2026, 06:16 PM
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এই নির্দেশনা প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, জ্বালানি সংকট নিরসন এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে তারেক রহমান মূলত তিনটি প্রধান দিকনির্দেশনা দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে ধাপে ধাপে সৌর প্যানেল বসানো হবে। এর পাশাপাশি, সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকার বিশেষ সহায়তা দেবে।
এছাড়াও, সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য এবং লাভজনক করে তোলার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক মডেল তৈরি করার নির্দেশও তিনি দিয়েছেন। উপ-প্রেস সচিব আরও নিশ্চিত করেছেন যে প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি কাঠামোতে এই সৌর প্রযুক্তি স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই কারণেই তিনি বিভিন্ন সরকারি স্থানে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। এই উদ্যোগের বাস্তবায়নে প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাদের উপস্থাপনায় বলা হয়েছে, এই পদক্ষেপ বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
ভোক্তাদের মধ্যে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে এর অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধাগুলো বিস্তারিতভাবে তুলে ধরার ওপর জোর দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান এবং লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব হবে বলেও উপস্থাপনায় উল্লেখ করা হয়। সভায় অর্থ ও পরিকল্পনান্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং গ্রুপের সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।