Published : 08 Aug 2026, 06:16 AM
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জিটুজি (সরকার-টু-সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এই চুক্তির আওতায় আগামী ১১ থেকে ১২ আগস্ট সরবরাহের জন্য এই এলএনজি প্রতি এমএমবিটিইউ ২১.৫৫ মার্কিন ডলার মূল্যে ক্রয় করা হবে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সভায় স্বল্পমেয়াদে সরাসরি ক্রয়ের প্রক্রিয়ায় এই এলএনজি কেনার দরপ্রস্তাবটি অনুমোদিত হয়। অন্যদিকে, একই বৈঠকে গানভর ইউএসএ এলএলসি-এর কাছ থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী এলএনজি ক্রয়ের প্রস্তাবও পেশ করা হলেও তা চূড়ান্তভাবে বিবেচিত হয়নি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ায় এই বিষয়ে কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি।।