Published : 17 Aug 2026, 06:16 AM
সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা এবং তাদের বিচারিক কার্যক্রম চলমান থাকায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই ঘটনার সঙ্গে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো সত্য কিনা তা উদ্ঘাটন করা এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত জরুরি। তবে একই সাথে, এই প্রক্রিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন। শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে আসক এই উদ্বেগের কথা জানায়। সংস্থাটির মতে, কোনো গুরুতর অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা ও দায়ভার যথাযথ প্রমাণ সাপেক্ষে নির্ধারণ করা আবশ্যক।
পাশাপাশি, কোনো ঘটনার সংবাদ প্রকাশ বা সম্পাদকীয় সিদ্ধান্তের সঙ্গে সেই অপরাধের কোনো সম্পর্ক আছে কিনা, তা অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। আসক স্পষ্ট করে দিয়েছে যে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন এবং কোনো অপরাধে অংশগ্রহণ বা সহায়তা করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়; এ দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং হিউম্যান রাইটস ওয়াচও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ১৫ জুলাই দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো সাংবাদিকতার পেশাগত ও সম্পাদকীয় সিদ্ধান্তকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আলোকপাত করে। আসক মনে করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো গুরুত্বপূর্ণ বিচারিক মঞ্চে আইনের শাসন, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা অপরিহার্য।
সংস্থাটি আরও জানায়, অভিযোগের গুরুত্ব কোনোভাবেই অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার বা ন্যায়বিচার পাওয়ার অধিকারকে সীমিত করতে পারে না। বিচারাধীন কোনো বিষয়ে আদালতের চূড়ান্ত রায় আসার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। তাই আসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে যে ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া যেন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে পরিচালিত হয় এবং তাদের আইনি অধিকার নিশ্চিত করা হয়।।