Published : 20 Aug 2026, 02:16 PM
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও ২৭ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এই অভিযোগ উত্থাপন করেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি অভিযুক্তরা প্রত্যক্ষ মদদ ও উস্কানিতে অন্যান্য আসামিদের সাথে একত্রিত হয়ে লাঠিসোঁটা, হাতুড়ি এবং দাহ্য পদার্থসহ মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে ধানমন্ডি ৩২-এ অবস্থিত ঐতিহাসিক বাসভবনে আক্রমণ করে। তারা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঐতিহাসিক নিদর্শন, গুরুত্বপূর্ণ দলিলপত্র, মুক্তিযুদ্ধের নথি, প্রামাণ্যচিত্র, বই ও অন্যান্য মূল্যবান সম্পদ লুটপাট করে নিয়ে যায় এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।
এই ধ্বংসযজ্ঞের সময় দুটি বুলডোজার, এক্সক্যাভেটর, হাতুড়ি এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তারা রাতভর উক্ত বাড়িটি ভেঙে ফেলে। পরের দিন বিকেল ৫টার মধ্যে সম্পূর্ণ ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ আরও উঠেছে যে, মামলার কিছু আসামি ইউটিউব ও ফেসবুকে সরাসরি লাইভে এসে এই ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ওই বাড়িতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র লুট করার জন্য উসকানি ও মদদ প্রদান করেছিল। কেউ কেউ অর্থসহায়তাও দিয়েছিল।
অভিযোগ করা হয়েছে, আসামিরা পূর্বঘোষণা দেওয়ার পরেও বাড়িটি রক্ষার জন্য সরকারের দায়িত্বে থাকা অন্য কোনো পক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।।
গণতন্ত্রের পথে নতুন দিগন্ত: সংবিধানের ৭০ অনুচ্ছেদে আসছে বড় পরিবর্তন