Published : 24 Jan 2026, 09:06 AM
প্রায় সাত কোটি বছর আগে পৃথিবীর বুকে রাজত্ব করা টি-রেক্স ডাইনোসরের জীবনযাপন নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি সেন্টার ফর হেলথ সায়েন্সেসের বিজ্ঞানীরা। এই গবেষণা অনুযায়ী, টি-রেক্স প্রায় ৪০ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত তার সম্পূর্ণ আকার ধারণ করত না। কয়েক দশক ধরে এরা ধীরে ধীরে এবং একটানা বৃদ্ধি পেত। এই আবিষ্কার প্রাগৈতিহাসিক শিকারী প্রাণীটির জীবনকাল সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, প্রাচীনতম টি-রেক্স সম্ভবত ৪০ বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকত। এরা দীর্ঘ সময় ধরে কৈশোর কাটাত এবং মধ্যবয়স পর্যন্ত ক্রমশ বড় ও শক্তিশালী হয়ে উঠত। এতদিন বিশেষজ্ঞরা মনে করতেন, টি-রেক্স ২৫ বছর বয়সের মধ্যেই বৃদ্ধি বন্ধ করে দিত।
হাড়ের বৃদ্ধির বলয় গণনা করে পুরোনো পদ্ধতিতে এই ধারণা তৈরি হয়েছিল। তবে নতুন গবেষণায় বিজ্ঞানীরা এই ডাইনোসরের পায়ের হাড়ের জীবাশ্ম বিশেষভাবে পর্যবেক্ষণ করেছেন। গাছের বার্ষিক বলয়ের মতো, হাড়ের ভেতরেও এই বলয়গুলি লুকানো থাকে এবং প্রতি বছর বৃদ্ধির হার কেমন ছিল, তা নথিভুক্ত করে। ‘পিয়ারজে’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, হাড়ের ভেতরের প্রতিটি বলয় একটি বছরের জীবনকাল নির্দেশ করে। গাঢ় রেখা দ্রুত বৃদ্ধির সময় এবং অস্পষ্ট রেখা ধীর গতির বৃদ্ধি চিহ্নিত করে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি সেন্টার ফর হেলথ সায়েন্সেসের বিজ্ঞানী নাথান মাইরভোল্ড জানান, মন্টানা ও নর্থ ডাকোটার বিভিন্ন জাদুঘর থেকে সংগ্রহ করা ১৭টি টি-রেক্সের নমুনা নিয়ে এই পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে জেন ও পিটি নামের দুটি পরিচিত ডাইনোসরের হাড়ও ছিল।
গবেষণা থেকে জানা যায়, টি-রেক্স আগের ধারণার চেয়ে অনেক ধীর গতিতে বাড়ত। এদের সম্পূর্ণ আকার পেতে প্রায় ৩৫ থেকে ৪০ বছর সময় লাগত। ১৪ থেকে ২৯ বছর বয়সের মধ্যে এদের বৃদ্ধির গতি ছিল সবচেয়ে বেশি, বছরে প্রায় ৮০০ থেকে ১ হাজার ২০০ পাউন্ড পর্যন্ত ওজন বাড়ত। এরপর পরবর্তী ১০ থেকে ১৫ বছর ধরে ধীরে ধীরে এদের ওজন ও আকার বৃদ্ধি পেত। সূত্র: ডেইলি মেইল।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী