Published : 31 Jan 2026, 05:05 AM
পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখে অস্ত্রোপচার হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব সালমান আকরাম রাজা। একইসঙ্গে, সরকার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে জনসমক্ষে বিষয়টি গোপন রাখার অভিযোগও করেছেন তিনি। সুপ্রিম কোর্টের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাজা জানান, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সরকার গত কয়েকদিন ধরে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তাঁর অভিযোগ, কারাগারে বন্দি অবস্থায় ইমরান খানকে ন্যূনতম মানবিক অধিকারও দেওয়া হচ্ছে না। এমনকি, হাসপাতালে নেওয়ার কারণ সম্পর্কেও তাঁর পরিবারকে জানানো হয়নি।
এর আগে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারা নিশ্চিত করেছিলেন যে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা খানকে সাময়িকভাবে পিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে চক্ষু বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করেন।ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না পাওয়ায় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের অসংখ্য নেতাকর্মী ও সংসদ সদস্য সুপ্রিম কোর্টের সামনে জড়ো হন। সালমান আকরাম রাজা জানান, প্রায় ২০০ জন সংসদ সদস্য সেখানে উপস্থিত থেকে ইমরান খানের মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছেন। রাজা আরও জানান, তিনি ও প্রখ্যাত আইনজীবী লতিফ খোসা এই বিষয়ে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতি চেম্বারে অনুপস্থিত থাকায় সেটি সম্ভব হয়নি। পরে, পাকিস্তানের প্রধান বিচারপতির নির্দেশে তাঁরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেন।
সালমান আকরাম রাজা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর। পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে যদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে এই দেশে আর কারো অধিকারই সুরক্ষিত থাকবে না।’।
হামের প্রকোপ: হাইকোর্টের নির্দেশ, শিশুদের সুরক্ষা ও ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন