Published : 10 Feb 2026, 05:10 AM
আল্লাহর রাসুল (সা.) জামাতে নামাজ পড়ার ফজিলত বর্ণনা করেছেন এবং বলেছেন, একা পড়ার চেয়ে জামাতে পড়লে সাতাশ গুণ বেশি সাওয়াব পাওয়া যায়। (সহিহ বুখারি, হাদিস: ৬৪৫) তবে প্রশ্ন হলো, এই ফজিলত কি শুধু ফরজ নামাজের জন্য, নাকি নফল নামাজেও প্রযোজ্য? ইসলামী শরিয়তের আলোকে নফল নামাজ জামাতে পড়ার বিধান কয়েকটি ধাপে আলোচনা করা হলো। শরিয়তে কিছু নফল বা সুন্নত নামাজ আছে, যেগুলো জামাতে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নবী (সা.) ও সাহাবিগণ নিয়মিত জামাতে আদায় করতেন। সেগুলো হলো:১. ঈদের নামাজ: এটি ওয়াজিব নাকি সুন্নত নিয়ে ফকিহদের মধ্যে মতভেদ থাকলেও, জামাতে আদায় করা আল্লাহর রাসুলের সুন্নাত। (সহিহ মুসলিম, হাদিস: ৮৮৯)২. তারাবিহ: রমজান মাসে জামাতের সঙ্গে তারাবিহ পড়া সুন্নতে মুয়াক্কাদা। নবী (সা.) কয়েক রাত সাহাবিদের সঙ্গে জামাতে এই নামাজ পড়েছেন, এবং পরবর্তীতে হযরত ওমর (রা.)-এর যুগে এটি আরও সুসংগঠিত হয়। (সহিহ মুসলিম, হাদিস: ৭৬১)৩. সূর্যগ্রহণের নামাজ: সূর্যগ্রহণের সময় নবী (সা.) সাহাবিদের নিয়ে দীর্ঘ জামাতে নামাজ পড়েছেন, যা একাধিক বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে। (সহিহ বুখারি, হাদিস: ১০৬৪)৪. বৃষ্টির নামাজ: অনাবৃষ্টির সময় ময়দানে গিয়ে জামাতে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত।
(সহিহ মুসলিম, হাদিস: ৮৯৪) এছাড়াও কিছু নফল নামাজ আছে, যেগুলো সাধারণত জামাতে পড়া হয় না, তবে বিশেষ কারণে বা আকস্মিকভাবে জামাত হয়ে গেলে তা জায়েজ। যেমন, নবী (সা.) রাতে নামাজ পড়ছিলেন, তখন ইবনে আব্বাস (রা.) এসে তাঁর পাশে দাঁড়িয়ে জামাতে শরিক হন। একইভাবে, ইবনে মাসউদ (রা.) ও হুযাইফা (রা.)-ও তাঁর সঙ্গে নফল নামাজে শরিক হয়েছিলেন। হযরত উতবান ইবনে মালেক (রা.)-এর অনুরোধে নবী (সা.) তাঁর বাড়িতে গিয়ে নির্দিষ্ট স্থানে জামাতে নফল নামাজ পড়েছিলেন। (সহিহ মুসলিম, হাদিস: ৬৫৮) ফকিহগণের মতে, মাঝে মাঝে সাধারণ নফল নামাজ জামাতে পড়া জায়েজ, তবে তা প্রচার-প্রসার বা লোক জমায়েতের উদ্দেশ্যে করা উচিত নয়। শিক্ষাদান বা বিশেষ প্রয়োজনে এমনটি করা যেতে পারে। তবে যেসব নফল নামাজের জন্য ইসলামে জামাতের বিধান নেই, সেগুলো নিয়মিত জামাতের রূপ দেওয়া বা ঘোষণা দিয়ে জামাতে পড়া বৈধ নয়। যেমন:পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরের সুন্নতসমূহ, মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ (তাহিয়াতুল মসজিদ), ইশরাক, চাশত বা ইস্তিখারার নামাজ।
নবী (সা.)-এর সাধারণ নির্দেশনা হলো, নফল নামাজ একাকী ঘরে পড়া। তিনি বলেছেন, “হে লোকসকল, তোমরা তোমাদের ঘরে (নফল) নামাজ পড়ো। কেননা ফরজ নামাজ ছাড়া মানুষের শ্রেষ্ঠ নামাজ হলো তা, যা সে নিজ ঘরে আদায় করে।” (সহিহ বুখারি, হাদিস: ৭২৯০) নফল নামাজ একাকী পড়াই ইখলাস বা নিষ্ঠার জন্য অধিকতর সহায়ক এবং লোক দেখানোর প্রবণতা থেকে মুক্ত থাকার উপায়। মুহাদ্দিস ও ফকিহদের মতে, যেসব জামাত শরিয়তসম্মত (যেমন তারাবিহ বা কুসুফ), সেগুলোতে শরিক হলে সাধারণ জামাতের সাওয়াব পাওয়ার আশা করা যায়। তবে যেসব নফলের জন্য জামাত বৈধ নয়, সেখানে জোর করে জামাত কায়েম করলে সাওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে।।
ডিপিডিসি প্রকল্পের বাইরে কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাস: সুইমিং পুল ও জিমসহ টুইন টাওয়ার নির্মাণ