Published : 14 Feb 2026, 01:05 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ হলেও ভোটগণনায় গুরুতর অসঙ্গতি ও দুর্বলতার অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ভোটগণনার সময় কারচুপি করা হয়েছে এবং এর যথেষ্ট প্রমাণ তাঁদের কাছে রয়েছে। কমিশন ও অন্তর্বর্তী সরকার উভয়েই এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আসিফ বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভোটগণনার প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ। মনে হচ্ছে, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসন পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
’ এনসিপি ও ১১-দলীয় ঐক্যফ্রন্ট এই বিষয়ে পুনরায় ভোটগণনার জন্য আবেদন করেছে। আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন, সরকার এবং গণমাধ্যমের মধ্যে একটি গোপন সমঝোতা ছিল, যার মাধ্যমে ভোটগণনার ফলাফল প্রভাবিত করা হয়েছে। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়া। ফলাফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও ১১-দলীয় জোটের সমর্থকদের ওপর হামলা, হয়রানি এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু বিরোধী দলের কর্মীরাই নয়, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ভোট দেওয়ার কারণেও অনেকে হামলার শিকার হচ্ছেন, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
আসিফ মাহমুদ জুলাই সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন এবং বলেন, গণ-অভ্যুত্থানের পর এই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়া উচিত। তিনি নির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়ার আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেওয়ার ঘটনাকে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি গোপন সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখেন আসিফ মাহমুদ। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।।
কাপ্তাইয়ের জেলেদের জন্য সুখবর, কৃষি কার্ডে সহায়তা পাবেন প্রায় ২৭ হাজার পরিবার