Published : 14 Feb 2026, 09:06 PM
শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনের ফলাফল নিয়ে বাজি জেতা একটি মহিষ, শেষ পর্যন্ত তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বিএনপি সমর্থক আবদুল মান্নান। মহিষটি হারিয়ে মালিকের কষ্ট এবং জীবিকা হারানোর শঙ্কায় মান্নান মানবিক বিবেচনা থেকে এমন সিদ্ধান্ত নেন। ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে। নির্বাচনের আগে উত্তর নাকশী গ্রামের আবদুল মান্নান এবং পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে একটি অভিনব বাজি হয়। শর্ত ছিল—দাঁড়িপাল্লা প্রতীক জয়ী হলে আবদুল মান্নান দেবেন পাঁচটি মহিষ, আর ধানের শীষ প্রতীক জয়ী হলে আমীর হোসেন দেবেন একটি মহিষ। ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক জয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন।
পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী গতকাল শুক্রবার দুপুরে ঢাকঢোল পিটিয়ে গ্রামবাসীকে সাথে নিয়ে মহিষটি বুঝে নেন আবদুল মান্নান। স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, মহিষটি ছিল আমীর হোসেন পরিবারের অন্যতম আয়ের উৎস। মহিষ হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারে আর্থিক কষ্ট এবং জীবিকার অনিশ্চয়তার বিষয়টি সামনে আসতেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আবদুল মান্নান বলেন, বাজিটি ছিল শুধুমাত্র আনন্দের জন্য, কিন্তু কারো জীবিকা বিপন্ন হোক, তা তিনি চান না। এরপর গ্রামবাসীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গত রাতেই মহিষটি আমীর হোসেনের হাতে ফিরিয়ে দেন তিনি।
উপস্থিত লোকজন তাঁর এই মানবিক সিদ্ধান্তে সাধুবাদ জানান। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট। উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ জানান, মানবিক দিক বিবেচনা করে বাজিতে জেতা মহিষটি গতকাল রাতেই তার মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় সম্প্রীতি ও মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী