Published : 14 Apr 2026, 07:07 PM
অ্যানফিল্ডের চ্যাম্পিয়ন্স লিগের রাতগুলো সাক্ষী থাকে অবিশ্বাস্য সব গল্পের। সেই রূপকথার ধারাবাহিকতা কি বজায় থাকবে? প্যারিসের মাঠে ২-০ গোলে হেরে লিভারপুল এখন কঠিন পরীক্ষার মুখে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথটা বেশ দুর্গম। তবে লিভারপুলের মিডফিল্ডার দমিনিক সোবোসলাই স্বপ্ন দেখছেন আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তনের। পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে এই হাঙ্গেরিয়ান তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের জন্য তিনি জীবন বাজি রাখতেও রাজি। ২০১৮-১৯ মৌসুমে লিভারপুল বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হেরে গিয়েছিল। কিন্তু অ্যানফিল্ডে ৪-০ ব্যবধানে জিতে তারা তুলে নিয়েছিল সেমিফাইনালে খেলার টিকিট। সেই আসরেই লিভারপুল হয়েছিল চ্যাম্পিয়ন। সোবোসলাই চান, প্যারিসের মাঠেও তেমন কিছু ঘটুক। সংবাদ সম্মেলনে তিনি যেন আগুনের ফুলকি ছড়িয়ে দিয়েছেন, ‘আমি মাঠে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
দলের প্রতিটি খেলোয়াড় একই মানসিকতা নিয়ে খেলবে। আমরা প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত নিজেদের উজাড় করে দেব। খেলা যদি ৯০ মিনিটের বেশি চলে, ১২০ বা ১২৫ মিনিটও আমরা লড়ে যাব, হার মানব না।’ ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার জানেন, কাজটি সহজ নয়, তবে অসম্ভবও নয়। বরং তিনি এটিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, ‘২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় পিএসজির মতো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হবে।’ এই মৌসুমে সব মিলিয়ে ১২টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করা সোবোসলাই প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল। তবে তিনি মনে করেন, ‘পিএসজির দলে অনেক তারকা খেলোয়াড় আছে, কিন্তু আগের মতো মেসি, এমবাপ্পে বা নেইমারের সময়কার দল তারা নয়। তাদের খেলার ধরণ এবং কৌশল ভিন্ন। তারা আত্মবিশ্বাসী, ২-০ গোলে এগিয়ে থেকে অ্যানফিল্ডে আসছে। তাই ম্যাচটি কঠিন হবে।
তবে আমরা প্রস্তুত।’ সম্প্রতি একটি বিতর্কে জড়িয়েছিলেন সোবোসলাই। এফএ কাপে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে করা একটি অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। সেই তিক্ততা ভুলে তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘সেটি একটি ভুল বোঝাবুঝি ছিল। এই ক্লাবের কাছে সমর্থকদের গুরুত্ব কতটুকু, তা আমি জানি। আমি সমর্থকদের চেয়ে নিজেকে বড় মনে করি না। হারের পর তারা যতটা কষ্ট পায়, আমারও ঠিক ততটাই কষ্ট হয়। আমি দুঃখিত।’।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ আল তিতুমীর