Published : 15 Apr 2026, 11:08 PM
যশোরের ঝিকরগাছায় পানিসারার ফুলখেতে কাজ করার সময় ফুল চাষের একজন অগ্রদূত, আবদুর রহিম (৫৬)-কে প্রকাশ্যেই পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা আমলে নিচ্ছে না। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত সোমবার বিকেলে পানিসারা গ্রামে হামলার সময় আবদুর রহিমের মাথায় গুরুতর আঘাত লাগে। আজ বুধবার তিনি যশোর শহরে সিটি স্ক্যান করাতে গিয়েছেন। আবদুর রহিম ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ-আমেরিকা মৈত্রী ফুল বিপণনকেন্দ্রের সভাপতি এবং বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি। এদিকে, এই হামলার প্রতিবাদে পানিসারা গ্রামের লোকজন সংগঠিত হলে স্থানীয় সাব্বির হোসেনের নেতৃত্বে কয়েকজন মঙ্গলবার আরও দুজনকে পিটিয়ে আহত করেন। আহত হৃদয় হোসেন ও আসাদুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুর রহিমের স্ত্রী নাসরিন নাহার ঘটনার দিনই ঝিকরগাছা থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। আবেদনে অভিযুক্তদের মধ্যে রয়েছেন একই এলাকার নূর হোসেন ওরফে টাইগার (৪০), মো. জাহিদ হোসেন (২৮), মো. মুরাদ হোসেন (৩৫) ও লুত্ফর হোসেন (৪০)। তাঁদের বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, সোমবার বিকেলে আবদুর রহিম বাড়ির কাছে গাঁদা ফুলের ক্ষেতে কাজ করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা ১৫-২০টি মোটরসাইকেলে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। লোহার পাইপ ও কাঠের বাট দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাঁকে রক্তাক্ত জখম করে ফেলে রাখে। স্থানীয়রা দ্রুত তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। অভিযোগ দায়েরের দুই দিন অতিবাহিত হলেও মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, আবদুর রহিমকে মারধরের ঘটনা ঘটেছে এবং একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে।
তবে অভিযোগটি দুর্বল এবং কোনো ধারায় খাপ খায় না বলে মামলাটি রেকর্ড করা হয়নি। মারধরের ঘটনায়ও মামলা হবে না, এমন প্রশ্নের জবাবে ওসি শাহজালাল আলম বলেন, ‘মামলাটি এখনো রেকর্ড হয়নি, এটাই সত্যি।’ ভুক্তভোগী আবদুর রহিম জানান, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের ফুল সংক্রান্ত একটি প্রশিক্ষণে অংশ নেওয়া নিয়ে বিএনপি ঘরানার কয়েকজনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরেই তাঁরা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সিটি স্ক্যানের জন্য যশোর এসেছেন। আবদুর রহিমের দাবি, হামলাকারীরা ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানার অনুসারী। সাবিরা সুলতানার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।।
ঈদের বোনাসে ঢিলেমি: প্রায় ১৫০০ কারখানায় শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগ