Published : 12 May 2026, 01:06 AM
স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তা প্রদানের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। ‘এনজিও-মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (এমএফআই) সমন্বিত তহবিল’ নামে পরিচিত এই উদ্যোগটি সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তহবিলের উদ্বোধন করেন। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সম্মিলিত প্রয়াস দেশের কঠিন সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
‘স্টার্ট বাংলাদেশ হাব’-এর উদ্যোক্তারা জানান, এই তহবিল জাতীয় এনজিও এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত শক্তি ও সম্পদকে কাজে লাগিয়ে একটি টেকসই জরুরি সহায়তা ব্যবস্থা গড়ে তুলবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন এবং দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), পপি এবং এসকেএস ফাউন্ডেশন-সহ বেশ কয়েকটি জাতীয় এনজিও এই তহবিলে অংশ নিচ্ছে। স্টার্ট বাংলাদেশ হাবের পক্ষ থেকে জানানো হয়, তারা দেশীয় ও আন্তর্জাতিক মোট ৪০টি এনজিওর একটি জোট, যার মধ্যে ২২টি স্থানীয় এবং ১৮টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে।
স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং অর্থায়নের মাধ্যমে মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) মোহাম্মদ হেলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়াও বক্তব্য রাখেন। এছাড়াও সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মাটিল্ডা সভেনসন, ব্রিটিশ হাইকমিশনের হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম ম্যানেজার মুসাউইর আহমেদ, ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের ঢাকা অফিস প্রধান দাভিদে জাপ্পা এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের পার্টনারশিপস সিনিয়র অফিসার সৈকত বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।।
১৭২ জন কর্মকর্তার পদোন্নতি: উপসচিব থেকে যুগ্ম সচিব পদে উন্নীত